পঞ্চাশ বছরের দুর্ভোগের অবসান, পাকা হল হাওড়ার ঝোরহাটের গুরুত্বপূর্ণ রাস্তা

দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকা হল হাওড়ার ঝোরহাটের গুরুত্বপূর্ণ রাস্তা। সাঁকরাইল বিধানসভার বাণীপুর-২ এবং দক্ষিণ হাওড়া বিধানসভার ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। ঝোরহাট রেলব্রিজের নিচে অবস্থিত এই রাস্তাটি বর্ষাকালে কাদা ও জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করাও স্থানীয় বাসিন্দাদের কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ।
রাস্তাটি পাকা না থাকায় জরুরি পরিষেবার ক্ষেত্রেও বড় সমস্যার সম্মুখীন হতে হতো এলাকাবাসীদের। অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় রোগীদের দীর্ঘ পথ ঘুরে হাসপাতালে নিয়ে যেতে হতো। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কংক্রিটের ব্লক বসিয়ে রাস্তাটি নতুন করে তৈরি করা হয়েছে। কালীপুজোর আগের দিন পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই এই রাস্তার উদ্বোধন করেন।
জেলা পরিষদের সহ-সভাধিপতি তুষার ঘোষ জানান, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর এই রাস্তাটিকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হয়েছে। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। আগে যে রাস্তা দিয়ে যাতায়াত করা ছিল দুঃসাধ্য, এখন তা দিয়ে বড় গাড়িও অনায়াসে চলাচল করতে পারছে। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে খুশি এলাকার মানুষজন।