ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি ইসরায়েলের, ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে সামরিক প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করা হয়েছে। তবে এই সম্ভাব্য অভিযানের পরিধি বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, ইরানের বিষয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। নেতানিয়াহু ইরানের শাসন পরিবর্তনের লক্ষ্যে সামরিক পদক্ষেপের পক্ষে সওয়াল করলেও, ট্রাম্প কূটনৈতিক আলোচনার মাধ্যমে অর্থনৈতিক চাপের ওপর জোর দিয়েছেন।
নেতানিয়াহুর মতে, ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেওয়াই পারমাণবিক কর্মসূচি বন্ধ করার একমাত্র উপায়। অন্যদিকে, ট্রাম্প নতুন করে কোনো সামরিক সংঘাতের প্রয়োজনীয়তা দেখছেন না। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে, তবুও ইরানের কৌশলগত মোকাবিলা নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।