চোখের এই ৫টি লক্ষণ কি ক্যানসারের সংকেত? অবহেলা করলেই বাড়বে বিপদ

আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ হলো চোখ। তবে অনেক সময় চোখের ছোটখাটো সমস্যাকে আমরা সাধারণ ভেবে উপেক্ষা করি, যা পরবর্তীকালে চোখের ক্যানসার বা টিউমারের মতো ভয়াবহ রূপ নিতে পারে। চিকিৎসকদের মতে, যেকোনো ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তার নিরাময় সহজ হয়। তাই চোখের দৃষ্টিতে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
চোখের ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ হলো দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া। চশমা ব্যবহারের পরেও যদি কোনো কিছু স্পষ্টভাবে দেখা না যায় কিংবা হঠাৎ করে দেখার ক্ষমতা কমে আসে, তবে তা টিউমারের লক্ষণ হতে পারে। এছাড়া চোখে অনবরত ব্যথা হওয়া, লালচে ভাব, জল পড়া কিংবা চোখের ভেতরে ছোট মটরদানার মতো পিণ্ড বা মাংসপিণ্ড দেখা দিলে সেটিকে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। দৃষ্টির সামনে কোনো বস্তু দুটি দেখা বা একটি নির্দিষ্ট অবস্থান থেকে চোখের মণি সরে যাওয়াও বড় বিপদের সংকেত।
বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি থাকে। সাধারণত ৭০ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে আই ক্যানসারের প্রবণতা বেশি দেখা যায়। পাশাপাশি যাঁদের চোখের মণির রং নীল বা সবুজ অথবা যাঁদের গায়ের রং খুব ফর্সা, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রা অন্যদের তুলনায় কিছুটা বেশি। এছাড়া অতিবেগুনি রশ্মির (UV Light) প্রভাব এবং বংশগত জিনের মিউটেশনের কারণেও শিশুদের মধ্যে চোখের টিউমার বাসা বাঁধতে পারে।
সতর্কতা ও নিয়মিত চক্ষু পরীক্ষার মাধ্যমে চোখের এই মারণ রোগ প্রতিরোধ করা সম্ভব। চোখের অত্যধিক চুলকানি, অনবরত জ্বালাপোড়া কিংবা সাদা বা কালো ছানির মতো কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। মনে রাখবেন, সঠিক সময়ে সচেতনতাই আপনার অমূল্য দৃষ্টিশক্তিকে রক্ষা করতে পারে।