গরমে নাজেহাল চুলে স্বস্তি ফেরাতে সপ্তাহে কতদিন শ্যাম্পু করবেন
গ্রীষ্মের তীব্র দাবদাহে কেবল শরীর বা ত্বকই নয়, চরম সংকটে পড়ে চুলও। গরমে অতিরিক্ত ঘাম এবং ধুলোবালির কারণে মাথার ত্বকে দ্রুত ময়লার স্তর জমে যায়। এর ফলে চুল পড়া, দুর্গন্ধ এবং চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করা শুরু করেন, যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন বা ঘন ঘন শ্যাম্পু করলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়, ফলে চুল হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন।
চুলের ধরন অনুযায়ী যত্নের নিয়ম
আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজির তথ্য অনুযায়ী, চুল ধোয়ার কোনো একক বা নির্দিষ্ট নিয়ম নেই। এটি সম্পূর্ণ নির্ভর করে চুরের ধরন ও মাথার ত্বকের ওপর। যাদের চুল খুব পাতলা কিংবা মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তীব্র গরমে তাদের একদিন পর পর অর্থাৎ দুই দিন পর পর মৃদু বা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা উচিত। কেবল জল দিয়ে ধুলে মাথার ত্বকের জেদি ময়লা দূর হয় না, তাই শ্যাম্পু ব্যবহার করা জরুরি।
অন্যদিকে, ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে, যাদের চুল ঘন বা কোঁকড়ানো, তাদের জন্য প্রতিদিন শ্যাম্পু করা একেবারেই অনুচিত। এই ধরনের চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত প্রাকৃতিক তেল পৌঁছাতে বেশি সময় নেয়। তাই ঘন ও কোঁকড়ানো চুলের ক্ষেত্রে সপ্তাহে মাত্র ১ থেকে ২ বার শ্যাম্পু করাই যথেষ্ট।
অতিরিক্ত ঘামের প্রভাব ও করণীয়
অনেকের ধারণা, গরমে চুল ঘেমে গেলেই প্রতিবার শ্যাম্পু করতে হবে। তবে বিশেষজ্ঞরা এই অভ্যাসের বিরোধিতা করছেন। অতিরিক্ত ঘাম হলেই বারবার রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুলের স্থায়ী ক্ষতি হতে পারে। এর বিকল্প হিসেবে, ঘেমে যাওয়া মাথা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। খুব আলতোভাবে মাসাজ করে মাথার তালু পর্যন্ত জল দিয়ে ধুয়ে নিলে ঘাম ও সাধারণ ময়লা পরিষ্কার হয়ে যায় এবং চুলের আর্দ্রতাও বজায় থাকে। সঠিক নিয়ম মেনে চুলের যত্ন না নিলে চুল পড়া বেড়ে গিয়ে অল্প বয়সেই মাথা ফাঁকা হয়ে যাওয়ার মতো দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে।