বিপদের নাম ভেজাল এলাচ! রান্নাঘরে থাকা ছোট এলাচ আসল তো? চিনুন সহজ উপায়ে

বাজারে এবার ছেয়ে গেছে ভেজাল ও প্লাস্টিকের ক্ষতিকর এলাচ। খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রণ সংস্থা (এফএসএসএআই) এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে। অসাধু ব্যবসায়ীরা আসল এলাচ থেকে সুগন্ধি তেল বের করে নিয়ে শুধু খোসা বিক্রি করছে। আবার শুকনো এলাচকে সতেজ ও আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে ‘ম্যালাকাইট গ্রিন’-এর মতো বিপজ্জনক রাসায়নিক রং। এমনকি হুবহু এলাচের দানা বা প্লাস্টিক তৈরি করে তাতে কৃত্রিম সুগন্ধি মিশিয়ে বাজারে ছাড়া হচ্ছে, যা নিয়মিত সেবনে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির পাশাপাশি পেটে বিষক্রিয়া হতে পারে।
রান্নাঘরের এই অপরিহার্য মশলাটি আসল না ভেজাল, তা ঘরে বসেই কয়েকটি সহজ পরীক্ষার মাধ্যমে চিনে নেওয়া সম্ভব। হাত দিয়ে সামান্য ঘষলে খাঁটি এলাচ থেকে মিষ্টি সুবাস বের হবে, যেখানে ভেজাল বা কেমিক্যালযুক্ত এলাচে গন্ধহীনতা বা উগ্র গন্ধ মিলবে। আসল এলাচে চাপ দিলে ভেতরের শক্ত কালো বা বাদামি দানা অনুভব করা যায়, কিন্তু নকল এলাচ সহজেই দুমড়ে যায়। এ ছাড়া, এলাচ জলতে ভিজিয়ে রাখলে ভেজাল রং থেকে বের হওয়া সবুজ জল দেখে এবং আগুনে পোড়ালে প্লাস্টিক বা কেমিক্যালের কটূ গন্ধ পেয়ে সহজেই আসল-নকল পার্থক্য করা যায়।