মাত্র ১৫০০ টাকায় পাটনা ভ্রমণ! মিস করবেন না বিহার সরকারের এই ধামাকা অফার!

পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল বিহার পর্যটন বিভাগ
নিজস্ব প্রতিবেদন, পাটনা: পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিহার রাজ্য পর্যটন উন্নয়ন নিগম (BSTDC)। পাটনা এবং তার পার্শ্ববর্তী এলাকার প্রধান পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার জন্য তিনটি ভিন্ন ধরণের এক দিনের বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
সাধারণ পর্যটক, স্কুলপড়ুয়া এবং ধর্মপ্রাণ পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই এই প্যাকেজগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্যাকেজে যাতায়াতের সুবিধার পাশাপাশি ব্রেকফাস্ট, মধ্যাহ্নভোজ, রাতের খাবার, চা-কফি ও পানীয় জলের ব্যবস্থা থাকছে। এছাড়া দর্শনীয় স্থানগুলোর এন্ট্রি ফি এবং অভিজ্ঞ গাইডের সুবিধাও প্রদান করা হবে। নিরাপত্তার খাতিরে প্রতিটি সফরে বিশেষ ‘পর্যটন পুলিশ’ মোতায়েন থাকবে।
প্যাকেজগুলোর বিবরণ নিম্নরূপ:
- শিক্ষামূলক প্যাকেজ: স্কুলপড়ুয়াদের জন্য তৈরি এই প্যাকেজে পাটনা চিড়িয়াখানা, রাজভবন, সচিবালয়, ইকো পার্ক, বিহার মিউজিয়াম, গোলঘর, গান্ধী সংগ্রহশালা, সভ্যতা দ্বার, সায়েন্স সেন্টার এবং বুদ্ধ স্মৃতি পার্ক অন্তর্ভুক্ত রয়েছে। এসি বাস বা ট্রাভেলার গাড়ির ক্ষেত্রে মাথাপিছু খরচ ২০০০ টাকা এবং ইনোভা বা ইটিয়স ক্যাবের ক্ষেত্রে ২৫০০ টাকা ধার্য করা হয়েছে।
- ধর্মীয় প্যাকেজ: পুণ্যার্থীদের জন্য মহাবীর মন্দির, ইসকন মন্দির, মা শীতলা মন্দির, বড় ও ছোট পতন দেবী, আগমকুয়াঁ এবং জল্লা মহাবীর মন্দির দর্শনের সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজে পাটনা সাহেব গুরুদ্বারে মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা থাকছে। বাসভাড়া মাথাপিছু ১৫০০ টাকা এবং ট্রাভেলার গাড়ির ক্ষেত্রে ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- উইকেন্ড প্যাকেজ: ছুটির দিনে পর্যটকদের জন্য পাটনার প্রধান হেরিটেজ সাইটগুলো ভ্রমণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এই ট্যুর প্যাকেজগুলো বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য পর্যটকদের বিহার পর্যটন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.tourism.bihar.gov.in-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।