ভাইফোঁটায় রান্নার ঝক্কি ভুলে রেস্তোরাঁয় ভুরিভোজ, আজই বুকিং সেরেছেন তো!

ভাইফোঁটায় ঘরোয়া রান্নার ঝামেলা এড়াতে রেস্তরাঁমুখী উলুবেড়িয়া, জমজমাট স্পেশাল থালি
নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম ভাইফোঁটা। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এবারও উলুবেড়িয়ার রেস্তরাঁগুলোতে সাজ সাজ রব। বাড়িতে রান্নাবান্নার ঝক্কি এড়াতে শহরের ভোজনরসিকদের মধ্যে রেস্তরাঁয় বসে খাওয়ার বা বিশেষ থালি অর্ডার করার প্রবণতা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।
ভাইফোঁটা উপলক্ষে শহরের একাধিক নামী রেস্তরাঁ বিশেষ মেনুর আয়োজন করেছে। মেনু তালিকায় থাকছে পটলের দোরমা, চিকেন কাটলেট, কাতলা কারি, ভেটকি পাতুড়ি, পোলাও ও খাসির মাংসের মতো লোভনীয় সব পদ। খাবারের শেষে থাকছে চাটনি, মিষ্টি ও পান। সব মিলিয়ে ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে এই স্পেশাল থালির আয়োজন করা হয়েছে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
এ বিষয়ে উলুবেড়িয়ার একটি রেস্তরাঁর কর্ণধার গৌতম বোস বলেন, “উৎসবের মরশুমে মানুষ এখন বাইরের খাবারে উৎসাহ দেখাচ্ছেন। দুর্গাপূজার মতোই ভাইফোঁটাতেও স্পেশাল থালির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমরা ভালো সাড়াও পাচ্ছি।”
অন্য একটি রেস্তরাঁর কর্ণধার দীপক দাসের মতে, ভাইফোঁটাকে সামনে রেখে অগ্রিম বুকিং শুরু হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ব্যবসার পরিধি আরও বাড়ার আশা করছেন তাঁরা।
রেস্তরাঁমুখী এই জনস্রোত সম্পর্কে ভোজনরসিকরা জানান, ভাইফোঁটার দিনে বাড়িতে রান্নাবান্নার ঝামেলা এড়িয়ে পরিবার ও ভাই-বোনদের সঙ্গে রেস্তরাঁয় সময় কাটানো অনেক বেশি আরামদায়ক। প্রতি বছরই এই প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রেস্তরাঁগুলোও উৎসবের আমেজ অনুযায়ী নিজেদের মেনু সাজিয়ে তুলছে।