ডিগ্রি ছাড়াই ১৯ বছরের তরুণীর কেল্লাফতে, আকাশছোঁয়া বেতনে BMW-তে চাকরির সুযোগ
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রথাগত ডিগ্রি নাকি ব্যক্তিগত দক্ষতা— কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন ১৯ বছরের তরুণী গৌরী এম। কোনো কলেজ ডিগ্রি বা দীর্ঘ অভিজ্ঞতা ছাড়াই বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা BMW-তে ফুল-টাইম পার্সোনাল মার্কেটিংয়ের চাকরি পেয়ে চমকে দিয়েছেন তিনি। সাধারণত এই ধরনের উচ্চপদে কয়েক বছরের অভিজ্ঞতা আবশ্যিক হলেও গৌরীর ক্ষেত্রে সেই প্রচলিত ধারণা সম্পূর্ণ ভেঙে গেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইন-এ গৌরীর এই সাফল্যের কাহিনী এখন ভাইরাল। জানা গিয়েছে, তাঁর এই অভাবনীয় প্রাপ্তির নেপথ্যে রয়েছে শক্তিশালী ‘পার্সোনাল ব্র্যান্ডিং’ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর বিশাল প্রভাব। লিঙ্কডইনে ৬৫ হাজার এবং ইনস্টাগ্রামে ৩৫ হাজারের বেশি ফলোয়ার থাকা এই তরুণী নিজের দক্ষতা প্রমাণ করেছেন তাঁর কনটেন্ট তৈরির মাধ্যমে। আরুশি নামের এক ব্যবহারকারী এই বিষয়টি তুলে ধরে জানান, বর্তমান প্রজন্মের জন্য নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল একটি শক্তিশালী ‘মিনি প্রজেক্ট’ হিসেবে কাজ করতে পারে, যা প্রথাগত ডিগ্রির চেয়েও বড় পরিচয় হয়ে দাঁড়ায়।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গৌরীকে এই চাকরির জন্য কোনো আবেদনই করতে হয়নি। নিজের লিঙ্কডইন প্রোফাইলে তিনি জানিয়েছেন, কোনো সংস্থায় সরাসরি যোগাযোগ না করেই তিনি একাধিক বড় অফার পেয়েছেন। অর্থাৎ, চাকরির পেছনে তাঁকে ছুটতে হয়নি, বরং তাঁর কাজের গুণমানই নিয়োগকারীদের আকর্ষণ করেছে। এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে, আধুনিক কর্পোরেট বিশ্বে ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং বিশেষ ক্ষেত্রে পারদর্শিতা থাকলে ডিগ্রির গুরুত্ব গৌণ হয়ে যেতে পারে।
এই ঘটনাটি নেটমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তরুণ প্রজন্মের অনেকেই এখন মনে করছেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিটাল উপস্থিতি এবং সৃজনশীলতা বজায় রাখা ক্যারিয়ারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যদিও কেউ কেউ একে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন, তবে গৌরীর এই জয়যাত্রা প্রমাণ করল যে মেধা ও সঠিক কৌশলের মেলবন্ধন থাকলে সাফল্যের জন্য নির্দিষ্ট কোনো ছকের প্রয়োজন হয় না।