৫২ বছর ধরে কেন মহিলাদের প্রবেশ নিষেধ এই মন্দিরে? জানুন ছিন্নমস্তা দেবীর অলৌকিক কাহিনি!

৫২ বছর ধরে কেন মহিলাদের প্রবেশ নিষেধ এই মন্দিরে? জানুন ছিন্নমস্তা দেবীর অলৌকিক কাহিনি!

 

কঠোর নিয়ম ও অলৌকিক বিশ্বাসে ঘেরা চেতলার ছিন্নমস্তা পুজো

নিজস্ব প্রতিবেদক: আধুনিকতার স্রোতে গা না ভাসিয়ে আজও প্রাচীন তান্ত্রিক ঐতিহ্য ও কঠোর নিয়ম-নিষ্ঠা মেনে কালীপুজোর আরাধনা করে আসছে চেতলার ৮৬ পল্লী। ৫২ বছরে পদার্পণ করা এই পুজোয় দেবী ছিন্নমস্তার পূজা ঘিরে স্থানীয়দের মধ্যে যেমন রয়েছে অগাধ ভক্তি, তেমনই প্রচলিত রয়েছে নানা অলৌকিক কাহিনি।

এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মহালয়ার কিংবদন্তি কণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতি। ক্লাব কর্তাদের দাবি, পুজোর শুরুর দিকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি পরামর্শ দিয়েছিলেন, এই দেবীর পূজা অত্যন্ত কঠোর নিয়ম মেনে করতে হবে। বিশেষত, পূজা চলাকালীন মণ্ডপে কোনো মহিলার প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই পরামর্শই কালক্রমে এই পুজোর অলঙ্ঘনীয় রীতির রূপ নিয়েছে।

মণ্ডপে নারীদের প্রবেশের ক্ষেত্রে এই কঠোর নিষেধাজ্ঞার পেছনে রয়েছে এক অলৌকিক অভিজ্ঞতার কাহিনি। পুজো কমিটির সম্পাদক সুমিত বিশ্বাস জানান, বহু বছর আগে নিয়ম ভেঙে এক মহিলা মণ্ডপে প্রবেশের পরই সেখানে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। এই ঘটনার পর থেকেই দেবীর কোপ নিয়ে জনমনে গভীর আতঙ্ক ও ভক্তি তৈরি হয়। পাশাপাশি, কমিটির সদস্যদের দাবি, প্রতি বছর পুজোর আয়োজনে তীব্র আর্থিক সংকট দেখা দিলেও, পুজোর দিন রাতেই অলৌকিকভাবে ভক্তদের বিপুল দান ও চাঁদায় সমস্ত খরচের সংস্থান হয়ে যায়।

চলতি বছর এই পুজোয় ১৪ ফুট উচ্চতার বিশাল প্রতিমা তৈরি করছেন বেহালার বিশিষ্ট শিল্পী সনদ পাল। সম্পূর্ণ তন্ত্রমতে আয়োজিত এই পূজায় দেবীর পাশাপাশি দুই সহচরী ডাকিনী ও যোগিনীকেও পূজা করা হয়। ৪০ ফুট উঁচু সাবেকি মণ্ডপে প্রাচীন প্রথা অনুযায়ী আজও বলবৎ রয়েছে পাঁঠাবলি। আধুনিকতার ভিড়েও নিজস্ব তান্ত্রিক ঐতিহ্যে অটুট থেকে চেতলার ৮৬ পল্লীর এই ছিন্নমস্তা পূজা স্থানীয় ও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *