মাত্র ৫ টাকায় চিকেন-ভাত! অগ্নিমূল্যের বাজারে এ কী কাণ্ড?

শান্তিপুরে মাত্র ৫ টাকায় মিলছে মাংস-ভাত, আপ্লুত দুস্থ মানুষ
শান্তিপুর: মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবারে পাতে পড়ল গরম মাংস-ভাত। শান্তিপুর পুরসভার ‘মা আহার’ ক্যান্টিনে উপভোক্তাদের দীর্ঘদিনের আবদার পূরণ হওয়ায় খুশি এলাকার খেটে খাওয়া মানুষজন।
স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে এই ক্যান্টিনটি পরিচালিত হচ্ছে। গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, প্রতিদিন গড়ে প্রায় ১১০ জন মানুষ এখানে খাবার গ্রহণ করেন। ক্যান্টিনের মেনু অনুযায়ী সাধারণত সোম ও শুক্রবার মাছ, বুধ ও শনিবার ডিম এবং বাকি তিন দিন নিরামিষ ডাল-তরকারি দেওয়া হয়। তবে উপভোক্তাদের নিয়মিত দাবি ছিল পাতে মাংস রাখার। সেই প্রতিশ্রুতি মেনে পুজোর ছুটির পরই এদিন মেনুতে মাংস যুক্ত করা হয়েছে।
মায়া দেবী আরও জানান, আর্থিক লাভের চেয়ে প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। অনেক উপভোক্তা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য খাবার বাড়িও নিয়ে যান।
এই পরিষেবা পেয়ে উচ্ছ্বসিত চন্দনা বিশ্বাস কর্মকার ও অঞ্জনা কেরামণির মতো নিয়মিত গ্রাহকরা। তাঁদের কথায়, বর্তমান বাজারের অগ্নিমূল্যের বাজারে মাত্র পাঁচ টাকায় এমন পুষ্টিকর ও তৃপ্তিদায়ক খাবার তাঁদের কাছে আশীর্বাদের সমান। ঝড়-বৃষ্টি বা গ্রীষ্ম—সব ঋতুতেই এই ক্যান্টিনের ওপর নির্ভর করে থাকেন এলাকার অনেক দুস্থ পরিবার। পুরসভার এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ছবিই ফুটে উঠেছে।