আউশগ্রামের জঙ্গলপথে লোকসংস্কৃতি প্রচারে অভিনব উদ্যোগ, সেজে উঠলেন ‘মা কালী’

আউশগ্রামের জঙ্গলপথে ‘মা কালী’র পদচারণা, লোকসংস্কৃতি তুলে ধরতে অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদক, আউশগ্রাম: কালীপুজোর রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলের নির্জন পথে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। ঘুটঘুটে অন্ধকারে শাল, পিয়াল ও মহুয়ার জঙ্গলের বুক চিরে ‘মা কালী’র রূপ ধারণ করা এক শিল্পীকে নিয়ে আয়োজিত শোভাযাত্রা ঘিরে এলাকায় সাড়া পড়ে যায়। আউশগ্রাম জঙ্গলমহল প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কালীর এক মানব মডেলকে সাজিয়ে জঙ্গলমহলের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির ও পুজোমণ্ডপে নিয়ে যাওয়া হয়। রাতের অন্ধকারে যখন জঙ্গলপথ দিয়ে এই শোভাযাত্রা এগিয়ে চলে, তখন রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমান স্থানীয়রা। এটি মূলত স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রচারের একটি সৃজনশীল প্রয়াস। উদ্যোক্তাদের অন্যতম রাধামাধব মণ্ডল জানান, কেবল পুজোমণ্ডপ পরিক্রমা নয়, আউশগ্রামের জঙ্গলমহলের লোকসংস্কৃতি এবং বহু পুরনো কালীপুজোর ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শহরের জাঁকজমকপূর্ণ উৎসব থেকে দূরে প্রকৃতির কোলে আয়োজিত এমন ব্যতিক্রমী শোভাযাত্রা কালীপুজোর রাতে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী করল আউশগ্রামবাসীকে।