ভারতীয় কুস্তিতে মহানাটক! ১৮ মাস পর ম্যাটে ফিরতে চেয়েও ফিরতে পারলেন না ভিনেশ ফোগাট

ভারতীয় কুস্তি মহলে অস্থিরতা ও নাটকের নতুন অঙ্ক শুরু হয়েছে উত্তরপ্রদেশের গোন্ডায়। দীর্ঘ ১৮ মাসের বিরতি কাটিয়ে কুস্তির আঙিনায় ফেরার লক্ষ্যে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিতে পৌঁছেছিলেন তারকা কুস্তিগির বিনেশ ফোগাট। তবে ভারতীয় কুস্তি সংস্থার (ডব্লিউএফআই) কড়া অবস্থানে প্রতিযোগিতায় নামা হলো না এশিয়ান গেমসে সোনাজয়ীর। ডোপ পরীক্ষা না দেওয়া এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিনেশকে ব্রাত্য রেখেই শুরু হয়েছে এই আসর।
প্রত্যাবর্তনের লড়াইয়ে নিয়মের বাধা
প্যারিস অলিম্পিক্সে ওজন জটিলতায় পদক হারানোর পর অবসরের ঘোষণা করেছিলেন বিনেশ। তবে আসন্ন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে তিনি আবারও ম্যাটে ফেরার প্রস্তুতি শুরু করেন। গোন্ডার এই প্রতিযোগিতা ছিল তাঁর জন্য ফেরার শেষ সুযোগ। কুস্তি সংস্থার দাবি, ডোপ বিরোধী আইন অনুযায়ী অবসর ভেঙে ঘরোয়া প্রতিযোগিতায় ফিরতে হলে কোনো খেলোয়াড়কে অন্তত ছয় মাস আগে নোটিশ দিতে হয়। সেই হিসেবে ২৬ জুনের আগে বিনেশের নামার সুযোগ নেই। যদিও বিনেশ দাবি করেছেন, গত বছরের জুনেই তিনি আন্তর্জাতিক সংস্থাকে (ইউডব্লিউডব্লিউ) নিজের ফেরার কথা জানিয়েছিলেন, ফলে এই নিয়ম তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
শাস্তিমূলক ব্যবস্থা ও অনিশ্চিত ভবিষ্যৎ
শুধুমাত্র ফেরার নিয়ম নয়, বিনেশের বিরুদ্ধে ডোপ পরীক্ষা এড়িয়ে যাওয়া এবং ফেডারেশনের অবাধ্য হওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে কুস্তি সংস্থা। সংস্থাটি জানিয়েছে, বিনেশকে শোকজ করা হয়েছিল এবং তাঁর দেওয়া জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। সংস্থা সূত্রের খবর, বিনেশ শুধুমাত্র ফেরার সময়সীমা নিয়ে যুক্তি দিলেও শৃঙ্খলাভঙ্গের অন্যান্য অভিযোগের সদুত্তর দেননি। ফলে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কোনো প্রতিযোগিতায় নামতে দিতে নারাজ ফেডারেশন।
অন্যদিকে বিনেশের অভিযোগ, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকানো হচ্ছে। ফেডারেশন ও কুস্তিগিরদের মধ্যকার এই দীর্ঘস্থায়ী বিবাদ ভারতীয় কুস্তির ভাবমূর্তিকে আবারও সংকটের মুখে ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে তদন্তের ফলাফল না আসা পর্যন্ত বিনেশ ফোগাটের পেশাদার কুস্তিতে ফেরা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল।