শুটিং থেকে আর্চারি, চিনের বুক কাঁপিয়ে জোড়া সোনা ভারতের! অভিনন্দনে মোদী

আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের রেকর্ড গড়া পারফরম্যান্স অব্যাহত। শুটিং এবং আর্চারিতে একের পর এক ঐতিহাসিক স্বর্ণপদক জিতে পদক তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল ভারত। দেশীয় অ্যাথলিটদের এই আকাশছোঁয়া সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। বিজয়ী অ্যাথলিটদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুটিংয়ে এশিয়ান রেকর্ড চুরমার মিক্সড ট্র্যাপ টিম শুটিং ইভেন্টে ইতিহাস গড়েছেন নীরু ধান্দা ও কাইনান চেনাই। ফাইনালে অসাধারণ পারফর্ম করে তাঁরা ৩৪ স্কোর করেন, যা ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রথম সোনা। এর মাধ্যমে কাতারের গড়া ৩০ পয়েন্টের এশিয়ান রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল ভারত। উল্লেখ্য, এর আগে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টেও প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছিলেন নীরু ধান্দা।
আর্চারিতে চিনকে গুঁড়িয়ে বিশ্বরেকর্ড স্পর্শ আর্চারির ময়দানে চিনকে সজোরে ধাক্কা দিয়েছে ভারতীয় মহিলা কম্পাউন্ড দল। ফাইনালে চিনের মুখোমুখি হয়ে ২৩৮-২৩৪ ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থী। শুধু সোনাই নয়, ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার গড়া ২৩৮ পয়েন্টের বিশ্বরেকর্ড স্পর্শ করে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন এই তিন কন্যা।
‘আমাদের জন্য চরম গর্বের মুহূর্ত’: প্রধানমন্ত্রী ভারতীয় ক্রীড়াবিদদের এই অভাবনীয় সাফল্যের পর নিজের অফিশিয়াল ‘এক্স’ (X) হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “বিশ্বরেকর্ড স্পর্শ করে ভারতের জন্য সোনা জয় অত্যন্ত গর্বের। আর্চারদের এই জয় ইতিহাস সৃষ্টি করেছে।” পাশাপাশি শুটার নীরু ও কাইনানকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের এই জয়কে “ভারতীয় শুটিংয়ের জন্য একটি স্মরণীয় সাফল্য” বলে চিহ্নিত করেছেন।