অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আর্যবীরের সেঞ্চুরিতে ভর করে সেমিফাইনালে ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আমিরশাহি, কিন্তু আর্যবীর সেহওয়াগের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। আর্যবীর ১৬৮ বলে ১৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১৭টি চার ও সাতটি ছয়। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ১৭ রান করে আউট হলেও, দ্বিতীয় উইকেটে ভিকে ভিনীতের সঙ্গে ১৯৩ রানের বড় জুটি গড়ে ভারতের জয়ের ভিত তৈরি করেন আর্যবীর। ভিনীত ৬৯ বলে ৬৭ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে যায় আমিরশাহি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৩৯ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে আহমেদ খুদাদাদ সর্বোচ্চ ৭৪ রান করেন। ভারতের হয়ে বল হাতে ঈশান সুদ দুর্দান্ত পারফরম্যান্স করে চারটি উইকেট শিকার করেন। এছাড়া মোহিত উলভা, যশবর্ধন চৌহান, অর্জুন রাজপুত, আরিয়ান সাওয়াসানি ও মানাল চৌহান প্রত্যেকে একটি করে উইকেট পান।
ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ের জন্য আর্যবীর সেহওয়াগ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় যুব দল। শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্যে এই ম্যাচেও ভারতীয় দল নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া থাকবে।