আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় মনু ভাকের ও এষা সিংদের

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনা জয় করল ভারত। এষা সিং, মনু ভাকের ও দিব্যা সুব্বারাজুর সম্মিলিত পারফরম্যান্সে ভর করে ভারতীয় দল ১৭৬১ পয়েন্ট সংগ্রহ করে এই সাফল্য অর্জন করে। ১৭৪৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া রুপো এবং ১৭৪৫ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম ব্রোঞ্জ পদক জয় করেছে।
এই জয়ে এষা সিং ব্যক্তিগতভাবে ৫৯০ পয়েন্ট সংগ্রহ করেন। মনু ভাকের ৫৮৭ পয়েন্ট এবং দিব্যা সুব্বারাজু ৫৮৪ পয়েন্ট অর্জন করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যক্তিগত ইভেন্টেও ভারতীয় শুটাররা দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখেছেন। এষা তৃতীয় এবং মনু ষষ্ঠ স্থান অধিকার করে ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন, যা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কোটা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের সামগ্রিক পারফরম্যান্স অত্যন্ত উজ্জ্বল। মহিলাদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে নিভেদিতা ভেলুর নায়ার ব্রোঞ্জ এবং পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে জয়পাল মালব্য রুপো জিতেছেন। এছাড়া পুরুষদের ৫০ মিটার পিস্তল দলগত ইভেন্টে রবিন্দর সিং, সৌরভ চৌধুরী ও আমনপ্রীত সিং সোনা জয় করেছেন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টেও ভারতীয় শুটাররা রুপোর পদক অর্জন করেছেন। বিশ্ব শুটিংয়ের মঞ্চে ভারতীয় শুটারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়া মানচিত্রকে আরও শক্তিশালী করে তুলল।