বিশ্ব চ্যাম্পিয়নশিপে দলগত সোনা জয় ভারতের, ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক্সের টিকিট হাতছাড়া মনু ভাকেরের

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে সোনা জিতলেও ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক্সের টিকিট হাতছাড়া করলেন মনু ভাকের। এই ইভেন্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ ছিল, যা হাতছাড়া হওয়ায় হতাশ ভারতীয় শুটার। ফাইনালে মনু ভাকেরের পাশাপাশি নজর ছিল এষা সিংয়ের ওপর, তবে ব্যক্তিগত ইভেন্টে তিনিও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফাইনালে এষা অষ্টম স্থানে শেষ করেন।
২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে দক্ষিণ কোরিয়ার ইয়াং জিন সোনা জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এই বিভাগে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে ভিয়েতনাম ও চিনের প্রতিযোগীরা। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টেও মনু ভাকের পঞ্চম স্থানে শেষ করে পদক থেকে বঞ্চিত হয়েছিলেন। ফাইনালে শুরুর দিকে মন্থর গতি থাকলেও পরবর্তীতে মনু লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।
ব্যক্তিগত ইভেন্টে আক্ষেপ থাকলেও দলগত বিভাগে ভারত দুর্দান্ত সাফল্য পেয়েছে। এষা সিং, মনু ভাকের এবং দিব্যা সুবারাজুর সম্মিলিত প্রচেষ্টায় ১৭৬১ পয়েন্ট সংগ্রহ করে ভারত পোডিয়ামের শীর্ষস্থান দখল করে। দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামকে পেছনে ফেলে ভারতের এই সোনা জয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের নবম পদক। এর আগে পুরুষদের ৫০ মিটার পিস্তল টিম ইভেন্টেও ভারত সোনা জিতেছিল। দলগত সাফল্যের এই উজ্জ্বলতা ব্যক্তিগত ইভেন্টের হতাশা কিছুটা হলেও প্রশমিত করেছে।