দোহা বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় মহিলা পিস্তল দলের

দোহা বিশ্বচ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন ভারতীয় শুটাররা। মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে এশা সিং, মানু ভাকের এবং দিব্যা থাডিগোল সুব্বারাজুর ত্রয়ী সোনা জিতে পোডিয়ামের শীর্ষস্থান দখল করেছেন। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়া রুপো এবং ভিয়েতনাম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। দোহায় এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক, যা টুর্নামেন্টে ভারতীয় দলের অবস্থানকে আরও মজবুত করল।
দলগত বিভাগে সাফল্য পেলেও ব্যক্তিগত ইভেন্টে কিছুটা আক্ষেপ রয়ে গিয়েছে। ফাইনালে জায়গা করে নিলেও মানু ভাকের এবং এশা সিং পদক থেকে বঞ্চিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে মানু ভাকের ২৭টি হিট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন। অন্যদিকে, এশা সিং ১১টি হিট নিয়ে অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। ব্যক্তিগত পদক ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি কোটা হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ ক্রীড়াপ্রেমীরা।
মহিলাদের পাশাপাশি পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টেও সাফল্য পেয়েছে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, অখিল শিওরান এবং নীরজ কুমারের ত্রয়ী ব্রোঞ্জ পদক জিতেছেন। আগামী ১১ নভেম্বর এই ইভেন্টের ব্যক্তিগত ফাইনাল অনুষ্ঠিত হবে। দলগত সাফল্যের পর এবার ব্যক্তিগত বিভাগেও পদক জিতে ভারতের পদক সংখ্যা আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য ভারতীয় শুটারদের। বিশ্বমঞ্চে এই ধারাবাহিক সাফল্য ভারতীয় শুটিং দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।