চলন্ত ট্রেনের রিজার্ভড কামরায় দুঃসাহসিক চুরি, পুলিশের জালে বারুইপুরের যুবক

চলন্ত ট্রেনের রিজার্ভড কামরায় দুঃসাহসিক চুরি, পুলিশের জালে বারুইপুরের যুবক

নিউজ ডেস্ক: দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় বিহারের এক যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান জিআরপি। ধৃতের নাম আজিজুল সর্দার, যার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি বিহারের মধুবনীর বাসিন্দা মুকেশ কুমার সপরিবারে বাগ এক্সপ্রেসে করে হাওড়া যাচ্ছিলেন। ট্রেনটি বর্ধমান স্টেশন ছাড়ার পরই তাঁর ব্যাগ নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ওই ব্যাগে গয়না, এটিএম কার্ড ও মোবাইলসহ গুরুত্বপূর্ণ নথি ছিল। হাওড়া স্টেশনে অভিযোগ দায়েরের পর তদন্তভার যায় বর্ধমান জিআরপির হাতে।

শুক্রবার ভোরে বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আজিজুলকে আটক করে পুলিশ। জেরায় সে চুরির কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে চুরির সামগ্রী ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছে। শুক্রবারই তাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। খোয়া যাওয়া গয়না উদ্ধারের লক্ষ্যে আদালত ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *