বলিউডি স্টাইলের গ্যাংস্টার ইমেজ, ‘খান ভাই’ এখন শাগরেদদের কাছে ‘বুজদিল’

বলিউডি স্টাইলের গ্যাংস্টার ইমেজ, ‘খান ভাই’ এখন শাগরেদদের কাছে ‘বুজদিল’

উত্তর হাওড়ার পিলখানায় প্রোমোটার মহম্মদ শফিক খুনের পর মূল অভিযুক্ত হারুন খান এখন পলাতক। একসময় নিজেকে বলিউডি সিনেমার ‘সুলতান মির্জা’র মতো দাপুটে গ্যাংস্টার হিসেবে তুলে ধরা এই ‘খান ভাই’ এখন তার নিজের শাগরেদদের চোখেই ‘বুজদিল’ বা কাপুরুষ। শুক্রবারই এই চাঞ্চল্যকর খুনের মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই এলাকায় নিজের প্রভাব বিস্তার করত হারুন। শাসক দলের নেতা, কাউন্সিলর বা বিধায়কদের সঙ্গে ছবি ও ভিডিও তুলে রিলস বানিয়ে নিজেকে প্রভাবশালী প্রমাণ করার চেষ্টা করত সে। এই ‘পাওয়ার শো’ দেখিয়েই পাড়ার অল্পবয়সী ছেলেদের নিজের গ্যাংয়ে টানত এই দুষ্কৃতী। অভিযোগ উঠেছে, ছিঁচকে চোর বা পকেটমারিতে যুক্ত নাবালকদের হাতেও সে আগ্নেয়াস্ত্র তুলে দিত শুধুমাত্র এলাকায় দাপট বজায় রাখার জন্য।

তবে খুনের ঘটনার পর হারুন ও তার সঙ্গী রোহিত গা ঢাকা দিতেই পরিস্থিতি বদলে গেছে। যে শাগরেদরা একসময় তার ছায়ার মতো থাকত, তারাই এখন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছে। কেউ লিখছে, “পেছন থেকে গুলি চালিয়ে পালিয়ে গেলি! নিজেকে সুলতান মির্জা ভাবতিস, আসলে তুই তো ডরপোক।”

গোয়েন্দারা মনে করছেন, হারুনের প্রভাব কমলেও বিপদ কাটেনি। কারণ তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই সশস্ত্র কিশোর ও যুবকদের এখন নিজেদের দলে টানতে মরিয়া হয়ে উঠেছে অন্য অপরাধী গোষ্ঠীগুলো। ফলে উত্তর হাওড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *