কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান F-15

কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান F-15

কুয়েতের আকাশসীমায় সোমবার সকালে ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার শক্তিশালী F-15 যুদ্ধবিমান। আলি আল সালেম বিমান ঘাঁটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পাইলট সফলভাবে ইজেক্ট করে একটি গাড়িতে আশ্রয় নিচ্ছেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, মিনা আল আহমাদি তেল শোধনাগারের ওপর বিমানের ধ্বংসাবশেষ পড়লে দুজন শ্রমিক আহত হন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনার কারণ। ইরান দাবি করেছে যে তারাই এই মার্কিন যুদ্ধবিমানটি গুলি করে ধ্বংস করেছে। অন্যদিকে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের অনুমান, যান্ত্রিক ত্রুটি নয় বরং ভুলবশত নিজেদের ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’-এর আঘাতেই ভেঙে পড়েছে এই বিমানটি।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা শত্রু বিমান রুখতে ব্যবহৃত প্যাট্রিয়ট সিস্টেম অনেক সময় সিগন্যাল বিভ্রাটের কারণে বন্ধু দেশের বিমানকেও ভুল শনাক্ত করতে পারে। কুয়েতের আকাশসীমায় এমন কোনো প্রযুক্তিগত বিভ্রান্তি তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ইজরায়েল যখন লেবাননে হিজবুল্লা এবং ইরানে লাগাতার হামলা চালাচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ার এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের মাঝেই এই ক্ষয়ক্ষতি আমেরিকার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *