রঙের উৎসবে পূর্ব মেদিনীপুরে রেকর্ড মদ বিক্রি, চার দিনে আয় ৩০ কোটি ছাড়াল

রঙের উৎসবে পূর্ব মেদিনীপুরে রেকর্ড মদ বিক্রি, চার দিনে আয় ৩০ কোটি ছাড়াল

রঙের উৎসব দোল ও হোলির আবহে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হলো পূর্ব মেদিনীপুর জেলায়। দিঘা, মন্দারমণি ও তাজপুরের মতো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে মাত্র চার দিনে জেলাজুড়ে ৩০ কোটি ১১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৪ মার্চের মধ্যে এই বিপুল অঙ্কের ব্যবসা হয়েছে, যা রাজ্যের রাজস্ব ভাণ্ডারে বড়সড় জোগান দিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই চার দিনে জেলায় প্রায় ২ লক্ষ ৭৭ হাজার লিটার বাংলা মদ, ১ লক্ষ ৮৬ হাজার লিটার বিদেশি মদ এবং ১ লক্ষ ৮৫ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে। বিশেষ করে ২ মার্চ এক দিনেই ১০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। উৎসবের মরশুমে জেলার ২৮৮টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে সুরাপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জেলা আবগারি দপ্তরের সুপার মণীশ শর্মা জানিয়েছেন, বিক্রির পাশাপাশি অবৈধ মদের কারবার রুখতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাজুড়ে বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এবং অন্যদিকে উৎসবের মেজাজ— সব মিলিয়ে মেদিনীপুর উপকূলে রঙিন পানীয়ের চাহিদা এবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *