মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন ভারত পাশে পেল পরম বন্ধু রাশিয়াকে

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতের মোট আমদানিকৃত তেলের বড় অংশ এই পথ দিয়ে আসে, ফলে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট এড়াতে মরিয়া কেন্দ্র। এই সংকটজনক মুহূর্তে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মস্কো জানিয়েছে, প্রয়োজনে দ্রুত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করতে প্রস্তুত তারা। বর্তমানে ভারতের জলসীমার কাছে রুশ উৎসজাত প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেলবাহী জাহাজের একটি বহর অবস্থান করছে, যা দিল্লির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
দিল্লি সিদ্ধান্ত নিলেই কয়েক সপ্তাহের মধ্যে এই তেল ভারতীয় বন্দরে পৌঁছে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথ হিসেবে রাশিয়ার এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাণিজ্যের এই জটিল পরিস্থিতিতে রাশিয়ার সহযোগিতা ভারতের জ্বালানি চাহিদাকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা নেবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুদ্ধের প্রভাব ও সরবরাহের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছে ভারত সরকার।