ট্রাম্পের চরম হুঁশিয়ারি আর ইরানের পালটা হুমকি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে দাউদাউ আগুন

হোরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পরেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ১১৪.০৯ ডলারে পৌঁছেছে। এমনকি আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও তেলের দাম আকাশচুম্বী।
ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে হোরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুঁড়িয়ে দেবে মার্কিন ফৌজ। পালটা জবাবে তেহরান জানিয়েছে, হামলা হলে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি সিল করে দেবে। ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, তেলের এই উচ্চমূল্য ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। আমেরিকায় গ্যালন প্রতি গ্যাসের দাম ইতিমধ্যেই ৪ ডলার স্পর্শ করার মুখে, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলছে।
এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।