গড়িয়ার বিউটি পার্লারে হাড়হিম করা হত্যাকাণ্ড! প্রকাশ্য দিবালোকে প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী যুবক

দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক শিউরে ওঠা ঘটনা। একটি বিউটি পার্লারের ভেতর এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর নিজেও আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। সাতসকালে জনবহুল এলাকায় এমন রক্তাক্ত কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা জনপদে।
মৃত মহিলার নাম রূপবাণী দাস (৫০)। তিনি দীর্ঘ বছর ধরে ওই পার্লারে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো এদিন সকালেও তাঁর স্বামী অনুপকুমার দাস তাঁকে কর্মস্থলে পৌঁছে দিয়ে যান। কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে যায় এই মর্মান্তিক বিপত্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ এক যুবক আচমকা পার্লারের ভেতর ঢুকে রূপবাণীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়েন। রূপবাণীকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে ওই যুবক নিজের গলায় অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করলেও হাসপাতালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবকের সঙ্গে ওই মহিলার কোনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ছিল। সেই জটিলতা থেকেই এই চরম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ ইতিমধ্য়েই দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে।