মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আর মোদির কড়া বার্তা: বিপাকে ১৪০ কোটি ভারতীয়

ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের আঁচ এবার সরাসরি এসে লাগল ভারতের হেঁশেলে। উত্তাল পশ্চিম এশিয়ার প্রভাবে হু হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম, দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এই ভয়াবহ পরিস্থিতিতে ১৩২তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে দেশবাসীকে বিশেষ সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা কার্যত থমকে গিয়েছে। এর প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, বর্তমান সময়টি অত্যন্ত কঠিন এবং এই সংকট মোকাবিলায় দেশের ১৪০ কোটি মানুষকে একজোট হতে হবে। কোনো অবস্থাতেই যাতে সাধারণ মানুষ গুজবের ফাঁদে পা না দেন, সেই আর্জিও জানিয়েছেন তিনি।
একইসঙ্গে নাম না করে বিরোধীদেরও একহাত নিয়েছেন মোদি। জাতীয় স্বার্থের এই কঠিন সময়ে রাজনীতি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখানে কোনো স্বার্থপর রাজনীতির জায়গা নেই। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলিতে কর্মরত প্রায় ১ কোটির বেশি ভারতীয় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য সেইসব দেশের সরকারকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত এই আবহে প্রবাসীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।