৬৩ লাখের বেশি নাম কি বাদ গেল? ভোটার তালিকায় নতুন ২ লক্ষ নাম আসতেই তোলপাড় রাজ্য

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে এক নজিরবিহীন নাটকীয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ধাপে ধাপে তালিকা প্রকাশ করলেও আসল তথ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না। রবিবার গভীর রাতে কমিশন চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে নতুন করে প্রায় ২ লক্ষ মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে এই তালিকায় কতজনের নাম পাকাপাকিভাবে বাদ পড়ল, তা নিয়ে কমিশন এখনো নীরব।
সূত্র মারফত জানা যাচ্ছে, ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা আবেদনকারীদের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশের নাম ছেঁটে ফেলা হয়েছে। যদিও এই চাঞ্চল্যকর তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কমিশন। ২৮ ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকার প্রথম অংশ প্রকাশিত হয়, তখন প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের ভাগ্য ঝুলে ছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে বর্তমানে ৭০৫ জন বিচারক এই বিপুল তথ্য যাচাইয়ের কাজ করছেন।
পরিসংখ্যান বলছে, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল সাড়ে ৭ কোটির বেশি। খসড়া ও চূড়ান্ত তালিকার প্রাথমিক ধাপেই প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার নাম বাদ পড়েছিল। এরপর ধাপে ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তালিকা প্রকাশের পর এখন সাধারণ মানুষের নজর কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। কোটি কোটি রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন— শেষ পর্যন্ত ভোটার তালিকায় নিজের নামটা থাকবে তো? নাকি নিঃশব্দে বাদ চলে গেল গণতান্ত্রিক অধিকার? এই অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বাংলা।