গ্যাস সিলিন্ডারের হাহাকার মেটাতে বিরাট পদক্ষেপ কেন্দ্রের, এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। আমজনতার রান্নার গ্যাসের সমস্যা মেটাতে এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সাধারণ মানুষ রেশন দোকানের পাশাপাশি নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প থেকেও কেরোসিন কিনতে পারবেন।
জ্বালানি সংকট মোকাবিলায় গত ২৯ মার্চ একটি বিশেষ গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সেখানে জানানো হয়েছে, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাতসহ দেশের মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ৬০ দিনের জন্য এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে। মূলত রান্নার কাজে এবং আলো জ্বালানোর সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম শিথিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি জেলায় সর্বোচ্চ দুটি পেট্রোল পাম্পকে কেরোসিন বিক্রির অনুমতি দেওয়া হবে। এই পাম্পগুলি সর্বোচ্চ ৫,০০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত করতে পারবে। সাধারণ মানুষের কাছে দ্রুত জ্বালানি পৌঁছে দিতে ডিলার এবং পরিবহনকারী যানবাহনের ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত বেশ কিছু কড়া নিয়ম সাময়িকভাবে শিথিল করেছে কেন্দ্র। তবে কেরোসিন যাতে অপব্যবহার না হয় বা অন্য কোনো কাজে লাগানো না হয়, সেদিকে কড়া নজর রাখবে প্রশাসন।
উল্লেখ্য, গত কয়েক বছরে উজ্জ্বলা যোজনা ও সৌভাগ্য যোজনার প্রসারের ফলে ভারতে কেরোসিনের ব্যবহার প্রায় বন্ধ হয়ে এসেছিল। দূষণ রোধ এবং পেট্রোল-ডিজেলে ভেজাল মেশানো আটকাতে দিল্লি ও হরিয়ানার মতো রাজ্যগুলো নিজেদের কেরোসিন-মুক্ত ঘোষণা করেছিল। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বিবেচনা করে ফের সাধারণ মানুষের সুবিধার্থে এই পুরোনো জ্বালানিকেই হাতিয়ার করল কেন্দ্র।