ছাব্বিশের রণক্ষেত্রে কাঁধে কাঁধ শুভেন্দু-দিলীপের! নন্দীগ্রামে কি তবে মিটল দীর্ঘদিনের লড়াই?

ছাব্বিশের রণক্ষেত্রে কাঁধে কাঁধ শুভেন্দু-দিলীপের! নন্দীগ্রামে কি তবে মিটল দীর্ঘদিনের লড়াই?

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বড় চমক। সব জল্পনা উড়িয়ে দিয়ে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে এবার এক ফ্রেমে ধরা দিলেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। সোমবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দুর মনোনয়ন পেশকে কেন্দ্র করে হলদিয়ায় তৈরি হলো এক অভূতপূর্ব দৃশ্য। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে দুই হেভিওয়েট নেতার এই ঘনিষ্ঠতা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ায় পুজো সেরে হলদিয়ার বিজয় সংকল্প সভায় যোগ দেন শুভেন্দু। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কয়েক হাজার কর্মী-সমর্থকের ভিড়ে ঠাসা সেই ট্যাবলোতে বিরোধী দলনেতার পাশেই দেখা গেল মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। যদিও মাত্র ৩০ মিনিট তিনি সেই মিছিলে ছিলেন, তবুও ভোটের মুখে এই ‘ঐক্য’ পদ্ম শিবিরের কর্মীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

২০২১-এর জয়ের পর থেকে বিজেপির অন্দরে শুভেন্দুর ক্ষমতা বৃদ্ধি এবং দিলীপ ঘোষের ‘ব্যাকফুটে’ চলে যাওয়া নিয়ে কম চর্চা হয়নি। বিশেষ করে গত লোকসভা ভোটে আসন বদল ও পরাজয়ের পর দিলীপের ক্ষোভ ছিল ওপেন সিক্রেট। কিন্তু অমিত শাহের দূতিয়ালি আর দিল্লি নেতৃত্বের হস্তক্ষেপে ফাটল মেরামতের কাজ যে শুরু হয়েছে, সোমবারের ছবি তারই প্রমাণ। মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু স্পষ্ট জানালেন, বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল এবং দলের নির্দেশ মেনেই তিনি ও দিলীপবাবু একসঙ্গে চলবেন। খড়গপুর সদরের প্রার্থী দিলীপ আর নন্দীগ্রামের শুভেন্দু— দুই ‘দাদা’র এই রসায়ন জোড়াফুল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *