দিল্লিগামী বিমানে মার্কিন হামলা! মাঝপথে ভেস্তে গেল ভারতের মানবিক মিশন

মাশাদ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইরানি বিমানে আচমকা আঘাত হানল আমেরিকা। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এই মাহান এয়ারের বিমানটির। এই চাঞ্চল্যকর ঘটনায় কার্যত রণংদেহী মেজাজে ইরান। তেহরানের অভিযোগ, এটি কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং সরাসরি এক ‘যুদ্ধাপরাধ’।
ভারতের সঙ্গে যৌথভাবে চলা মানবিক সহায়তা কর্মসূচির অংশ ছিল এই বিশেষ বিমানটি। হামলার জেরে মাঝপথেই থমকে গেল পুরো পরিকল্পনা। ইরানের বিমান মন্ত্রক কড়া ভাষায় জানিয়েছে, জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক ও মানবিক কাজে ব্যবহৃত বিমানে হামলা চালানো ক্ষমার অযোগ্য অপরাধ। এই ঘটনায় একদিকে যেমন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে, তেমনই আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গেল। ভারত ও ইরানের মধ্যে চলমান লজিস্টিক সমন্বয়ে এই হামলা কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর বিশ্বমহলের। তবে এই দুঃসাহসিক হামলা নিয়ে ওয়াশিংটন এখনও পর্যন্ত স্পিকটি নট।