সমুদ্রে দাউদাউ করছে যুদ্ধের আগুন, ভারতের জ্বালানি বোঝাই ২৮টি জাহাজ চরম সংকটে

সমুদ্রে দাউদাউ করছে যুদ্ধের আগুন, ভারতের জ্বালানি বোঝাই ২৮টি জাহাজ চরম সংকটে

নিউজ ডেস্ক

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের জেরে মাঝ সমুদ্রে চরম বিপাকে পড়েছে ভারতের জ্বালানি সম্পদ। হরমুজ প্রণালীতে আটকে পড়েছে ২৮টি বিশালাকায় জাহাজ, যার মধ্যে ১০টি বিদেশি এবং ১৮টি ভারতীয় পতাকাবাহী। এই জাহাজগুলোতে রয়েছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল (Crude Oil), এলপিজি (LPG) এবং এলএনজি (LNG)।

জাহাজ চলাচল মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ সিনহা জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। আটকে পড়া বিদেশি জাহাজগুলোর মধ্যে ৪টি অপরিশোধিত তেল, ৩টি এলপিজি এবং ৩টি এলএনজি বহন করছে। অন্যদিকে, ভারতীয় জাহাজগুলোতে ৪ শতাধিক নাবিক রয়েছেন। আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটটি বর্তমানে প্রায় স্থবির।

তবে এর মধ্যেই স্বস্তির খবর হলো, প্রায় ৯৪ হাজার টন রান্নার গ্যাস নিয়ে দুটি এলপিজি জাহাজ নিরাপদ দূরত্বে সরে আসতে পেরেছে। জাহাজ দুটি আগামী কয়েক দিনের মধ্যে মুম্বই ও নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের আর্থিক ধাক্কাও লেগেছে। আগে যেখানে বিমার প্রিমিয়াম ছিল মাত্র ০.০৪ শতাংশ, ঝুঁকি বেড়ে যাওয়ায় তা এখন লাফিয়ে ০.৭ শতাংশে দাঁড়িয়েছে। ভারত সরকার বর্তমানে আটকে পড়া নাবিক ও জাহাজগুলোকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে কোনো খালি জাহাজ ওই এলাকায় না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *