বিজেপির চতুর্থ তালিকায় বড় চমক, চৌরঙ্গীতে কি খেলা ঘোরাবেন সন্তোষ পাঠক?

বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে আরও ১৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এবারের তালিকায় সবথেকে বড় চমক উত্তর কলকাতার দাপুটে নেতা সন্তোষ পাঠক। দীর্ঘদিনের কংগ্রেসী এই হেভিওয়েট মুখকে এবার চৌরঙ্গী থেকে ময়দানে নামাল পদ্ম শিবির। সোমবারই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, আর চব্বিশ ঘণ্টার মধ্যেই তাঁর ওপর ভরসা রাখল দল।
চৌরঙ্গীর পাশাপাশি নজর কেড়েছে বাগদা কেন্দ্রটিও। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে তাঁর লড়াই এই উপনির্বাচনের অন্যতম আকর্ষণ হতে চলেছে। এদিনের তালিকায় সিতাই, নাটাবাড়ি, মগরাহাট পূর্ব ও সোনারপুর উত্তরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলির প্রার্থীদের নামও চূড়ান্ত হয়েছে।
দলবদলের পর সন্তোষ পাঠক সাফ জানিয়েছেন, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে নরেন্দ্র মোদীর নেতৃত্বই একমাত্র বিকল্প। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে বিজেপির আর মাত্র ৬টি আসনে প্রার্থী ঘোষণা বাকি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ এবং ৪ মে জানা যাবে বাংলার মসনদে কে বসছে।
বিজেপির নতুন প্রার্থী তালিকা একনজরে
- চৌরঙ্গী – সন্তোষ পাঠক
- বাগদা – সোমা ঠাকুর
- সিতাই – আশুতোষ বর্মা
- নাটাবাড়ি – গিরিজা শঙ্কর রায়
- মগরাহাট পূর্ব – উত্তর কুমার বণিক
- ফলতা – দেবাংশু পণ্ডা
- সোনারপুর উত্তর – দেবাশিষ ধর
- হাওড়া দক্ষিণ – শ্যামল হাতি
- পাঁচলা – রঞ্জন কুমার পাল
- চণ্ডীপুর – পীযুষ কান্তি দাস
- গড়বেতা – প্রদীপ লোধা
- মেমারি – মানব গুহ
- বারাবনী – অরিজিৎ রায়
- ময়নাগুড়ি – ডালিম রায়