আগুন নিয়ে খেলবেন না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রাশিয়ার চরম হুঁশিয়ারি

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেশ দুটিকে ‘আগুনের খেলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন যে, বর্তমান সহিংসতা এই অঞ্চলের দেশ ও সাধারণ মানুষকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
নেবেনজিয়া অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্বে নজিরবিহীন হস্তক্ষেপ করছে এবং অবৈধভাবে হামলা চালাচ্ছে। রাশিয়ার মতে, ইরানের ওপর এই ধরণের আক্রমণ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়ার মিত্র দেশগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি অবিলম্বে কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানে ব্যাপক হামলা চালানোর পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন যে, তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাল্টা জবাবে ইরান সাফ জানিয়েছে যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে।