শাহরুখের প্রাক্তন দেহরক্ষীর রূপকথার মতো উত্থান, কীভাবে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন তিনি!

বলিউড তারকা শাহরুখ খানের দীর্ঘদিনের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগাস্টারের সঙ্গে কাটানো কর্মজীবনের স্মৃতিচারণ করেছেন। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত শাহরুখের ছায়ার মতো পাশে থাকা ইয়াসিন জানান, এই এক দশকে তাঁর জীবন আমূল বদলে গিয়েছিল। শাহরুখের সঙ্গে ব্যক্তিগত বিমানে বিশ্বভ্রমণ এবং দামী হোটেলে থাকার অভিজ্ঞতা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। ইয়াসিনের ভাষ্যমতে, শাহরুখের সঙ্গে কাজ করার আগে তিনি বিমানও দেখেননি, অথচ পরবর্তী সময়ে তাঁর আটটি পাসপোর্ট বিভিন্ন দেশের ভিসার স্ট্যাম্পে ভরে গিয়েছিল।
শাহরুখ খানের পারিবারিক জীবন প্রসঙ্গে ইয়াসিন জানান, অত্যন্ত ব্যস্ত সময়সূচী সত্ত্বেও শাহরুখ একজন অত্যন্ত দায়িত্ববান বাবা। আরিয়ান, সুহানা ও আব্রামের জীবনের ছোট-বড় প্রতিটি ক্ষেত্রে তিনি সক্রিয়ভাবে উপস্থিত থাকতেন এবং প্রয়োজনে বিদেশে শ্যুটিংয়ের মাঝেও অনলাইনে সন্তানদের পড়াশোনায় সাহায্য করতেন। ইয়াসিনের মতে, সন্তানদের সুশিক্ষিত ও বিনয়ী করে গড়ে তোলার পেছনে শাহরুখের দেওয়া পারিবারিক মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে।
২০১১ সালে ব্যক্তিগত কারণে শাহরুখের দেহরক্ষীর দায়িত্ব ছাড়লেও তাঁদের সম্পর্কের অবনতি হয়নি। ২০১৫ সালে ইয়াসিন ‘YK PROSEC’ নামে নিজস্ব নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁর এই সংস্থাটি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ের অনুষ্ঠানসহ আম্বানি পরিবারের মতো শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার কাজে যুক্ত রয়েছে।