বডিগার্ডকে কত টাকা দেন শাহরুখ? ফাঁস হলো গোপন সত্য!

বলিউড তারকাদের বডিগার্ডদের বেতন নিয়ে ইন্টারনেটে প্রচলিত কোটি টাকার ধারণাকে ভ্রান্ত বলে দাবি করেছেন শাহরুখ খানের প্রাক্তন নিরাপত্তারক্ষী ইয়াসিন খান। দীর্ঘ দশ বছর শাহরুখ খানের নিরাপত্তার দায়িত্ব সামলানো ইয়াসিন জানান, তারকাদের দেহরক্ষীদের বার্ষিক ২ থেকে ২.৫ কোটি টাকা আয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর ভাষ্যমতে, বেশিরভাগ বডিগার্ড নির্দিষ্ট মাসিক বেতনে কাজ করেন এবং বিশেষ কোনো শুটিং বা প্রজেক্টের ক্ষেত্রে বাড়তি কিছু পারিশ্রমিক পেলেও তা কোনোভাবেই কয়েক কোটিতে পৌঁছায় না।
ভাইরাল হওয়া মাসিক ১০ থেকে ২০ লাখ টাকার বেতনের দাবিও নস্যাৎ করে দিয়েছেন ইয়াসিন। তিনি জানান, অভিজ্ঞ এবং দক্ষ নিরাপত্তারক্ষীরা সাধারণত মাসে বড়জোর ১ লক্ষ টাকার কাছাকাছি বেতন পেয়ে থাকেন। ২০১৫ সালে শাহরুখের সঙ্গে দীর্ঘ কাজ শেষ করে নিজের সিকিউরিটি ফার্ম ‘ওয়াইকে প্রোসেক’ (YK PROSEC) গড়ে তোলেন ইয়াসিন। বর্তমানে তাঁর সংস্থা বিরাট কোহলি ও শচীন তেন্ডুলকরের মতো তারকাদের ভিআইপি নিরাপত্তা ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ সামলানোর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে পেশাদার নিরাপত্তার মানদণ্ড বজায় রাখতে ভূমিকা রাখছে।