আইপিএস, আইএএস বদলি নিয়ে মমতার সরকারকে কড়া ধমক সুপ্রিম কোর্টের!

নির্বাচন কমিশনের আইএএস ও আইপিএস আধিকারিকদের একতরফা বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশই বহাল রেখেছে। বিচারপতিরা জানিয়েছেন, রাজ্যে নির্বাচনের সময় অত্যন্ত কম হওয়ায় এবং দুই সাংবিধানিক সংস্থার মধ্যে ‘ট্রাস্ট ডেফিসিট’ বা বিশ্বাসযোগ্যতার অভাব থাকায় এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ কাম্য নয়।
শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন যে, অতীতে নির্বাচন কমিশন আধিকারিক বদল বা রিটার্নিং অফিসার নিয়োগের সময় রাজ্যের সঙ্গে আলোচনা করত, কিন্তু এবার তা করা হয়নি। এর উত্তরে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন, রাজ্যের প্রশাসনিক সমস্যার কারণেই বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করতে হচ্ছে এবং কমিশনের ক্ষমতার প্রয়োগে এই সময় আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়। উল্লেখ্য, গত ১৫ থেকে ১৯ মার্চ কমিশন ৪৬ জন অফিসার বদল করলে রাজ্য সরকার তার বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়, কিন্তু হাইকোর্ট সেই সিদ্ধান্তকে সংগত বলে রায় দিয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল।