লালবাগের নির্বাচনী প্রশিক্ষণে চরম বিশৃঙ্খলা, উঠল হেনস্থার অভিযোগ!

মুর্শিদাবাদের লালবাগে নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, দীর্ঘক্ষণ বিক্ষোভে কর্মীরা
মুর্শিদাবাদের লালবাগে নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায়। এদিন একটি স্কুলে নির্বাচনী প্রশিক্ষণ নিতে আসা পোলিং পার্সোনালরা চূড়ান্ত হেনস্থার শিকার হন বলে অভিযোগ। সকাল ১০টা থেকে প্রশিক্ষণের সময় নির্ধারিত থাকলেও দুপুর পর্যন্ত প্রশিক্ষকদের দেখা মেলেনি। পাশাপাশি, পোলিং পার্সোনালদের পোস্টাল ব্যালটে ভোটদানের ক্ষেত্রে একটিমাত্র কাউন্টার ও যাতায়াতের অপর্যাপ্ত পথ নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। দীর্ঘক্ষণ রোদে লাইনে দাঁড়িয়ে অনেক প্রবীণ কর্মী অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মীরা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক, লালবাগের এসডিপিও এবং মুর্শিদাবাদ থানার আইসি-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা বিক্ষুব্ধ কর্মীদের সাথে আলোচনা করে দ্রুত ভোটদান প্রক্রিয়া স্বাভাবিক করার ও বুথের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজে প্রশাসনের এই অব্যবস্থা ও উদাসীনতা নিয়ে ভোটকর্মী মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।