মানি, মার্ডার আর মাফিয়া রাজ! বাংলাকে নিয়ে কেন এত বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়িয়ে বৃহস্পতিবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি অভিযোগ করেন যে, বর্তমান রাজ্য সরকার কেবল ‘মানি, মার্ডার ও মাফিয়া’—এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে টিকে রয়েছে। হিমন্তের দাবি, রাজ্যে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই এবং দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে খুন ও মাফিয়াদের দাপট চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে কয়লা ও বালি খাদানসহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের মদতেই মাফিয়া রাজ কায়েম হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
হিমন্তের এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি নেতৃত্ব ২০২৬ সালের নির্বাচনে পরাজয়ের ভয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তৃণমূল নেতৃত্বের পাল্টা প্রশ্ন, আসামের মুখ্যমন্ত্রীর আগে নিজের রাজ্যের আইনশৃঙ্খলা, মহিলাদের নিরাপত্তা ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করা উচিত। বাংলার বিষয়ে মন্তব্য করার আগে তাঁকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়েছে রাজ্যের শাসক দল। আগামী দিনে রাজনৈতিক কৌশল হিসেবে বিজেপি যে দুর্নীতির ইস্যুকে আরও জোরালোভাবে সামনে আনবে, তার ইঙ্গিত এই তরজা থেকে স্পষ্ট।