কুকুর কেন হাই তোলে? পোষ্যর অবাক করা আচরণের নেপথ্যে আসল কারণ জানালেন বিশেষজ্ঞরা

আমরা সাধারণত মনে করি কুকুর হাই তুলছে মানেই সে ক্লান্ত বা তার ঘুম পেয়েছে। কিন্তু পশু বিশেষজ্ঞদের মতে, কুকুরের হাই তোলার বিষয়টি কেবল ঘুমের সাথে যুক্ত নয়। নতুন গবেষণায় দেখা গেছে, কুকুরের এই আচরণের পেছনে লুকানো থাকতে পারে মানসিক চাপ, যোগাযোগ স্থাপনের চেষ্টা কিংবা গভীর সহমর্মিতার মতো একাধিক গুরুত্বপূর্ণ কারণ।
মানসিক চাপ ও আত্মরক্ষার কৌশল
চিকিৎসক ডক্টর শ্যানন ব্যারেট জানান, অনেক সময় কুকুর নিজের মানসিক অস্থিরতা বা উদ্বেগ কমাতে হাই তোলে। নতুন কোনো পরিবেশ বা প্রশিক্ষণের সময় কুকুর যদি অস্বস্তি বোধ করে, তবে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে এবং স্নায়ুর চাপ কমাতে তারা হাই তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। একে বিশেষজ্ঞদের ভাষায় ‘সেলফ সুদিং মেকানিজম’ বলা হয়।
সামাজিক যোগাযোগ ও আনন্দের বহিঃপ্রকাশ
কুকুর অনেক সময় অন্য কুকুর বা মানুষের সাথে সংঘর্ষ এড়াতে এবং সামাজিক উত্তেজনা প্রশমিত করতে হাই তোলে। মজার ব্যাপার হলো, মালিকের প্রতি ভালোবাসা ও গভীর টান থাকলে মানুষ হাই তুললে কুকুরও অনেক সময় একইভাবে সাড়া দেয়। এছাড়া পছন্দের খাবার পাওয়া বা ঘুরতে যাওয়ার উত্তেজনায় অনেক সময় খুশিতেও তারা হাই তুলে থাকে।
কখন সতর্ক হতে হবে
সাধারণ হাই তোলা স্বাভাবিক হলেও খুব অল্প সময়ে বারবার হাই তোলা উদ্বেগের কারণ হতে পারে। যদি হাই তোলার পাশাপাশি কুকুর অনবরত পায়চারি করে, জিহ্বা দিয়ে ঠোঁট চাটে কিংবা কান পেছনের দিকে নামিয়ে রাখে, তবে বুঝতে হবে সে কোনো শারীরিক ব্যথা বা চরম মানসিক যন্ত্রণায় রয়েছে। এমন অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এক ঝলকে
- কুকুরের হাই তোলা কেবল ক্লান্তি নয়, বরং এটি মানসিক চাপ কমানোর একটি উপায়।
- সামাজিক বন্ডিং ও মালিকের প্রতি সহমর্মিতা প্রকাশে কুকুর অনেক সময় মানুষের দেখা দেখি হাই তোলে।
- খেলাধুলা বা ঘুরতে যাওয়ার উত্তেজনায় কুকুর খুশিতেও এই আচরণ করতে পারে।
- অস্বাভাবিক বা ঘনঘন হাই তোলার সাথে অস্থিরতা থাকলে তা অসুস্থতা বা ব্যথার লক্ষণ হতে পারে।