পায়ের এই লক্ষণগুলো কি ফ্যাটি লিভারের সংকেত? অবহেলা করলেই বড় বিপদ!

বর্তমান সময়ে অনিয়মিত জীবনযাপন এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে ফ্যাটি লিভার একটি সাধারণ কিন্তু জটিল স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যকৃতের কোষে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার এই পরিস্থিতিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ফ্যাটি লিভার বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের প্রাথমিক লক্ষণগুলো শরীরের বিভিন্ন অংশে প্রকাশ পায়, যা সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে গেলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে পায়ের কিছু পরিবর্তন লিভারের সমস্যার আগাম সর্তকতা হতে পারে।
পায়ে ফোলা ভাব ও অন্যান্য উপসর্গ
ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের অন্যতম প্রধান লক্ষণ হলো পায়ে ফোলা ভাব বা ‘পেডাল এডিমা’। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পরিশ্রম করলে পা ফুলে যায়, যা অনেকেই স্বাভাবিক ক্লান্তি মনে করেন। কিন্তু লিভারের কার্যকারিতা কমলে শরীরে তরল জমতে শুরু করে, যার প্রভাব প্রথমে পায়ে পড়ে। এছাড়া কোনো কারণ ছাড়াই তীব্র ক্লান্তি, দুর্বলতা এবং পেটের ডান দিকের উপরিভাগে ভারি ভাব বা মৃদু ব্যথা অনুভব করা ফ্যাটি লিভারের অন্যতম লক্ষণ। সমস্যা গুরুতর হলে হজমে গোলমাল, ক্ষুধামন্দা এবং জন্ডিসের মতো উপসর্গ দেখা দিতে পারে।
ঝুঁকির কারণ ও প্রতিকার
অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, শরীরচর্চার অভাব, স্থূলতা এবং মদ্যপান এই রোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত। তবে মদ্যপান না করলেও অনেকের এই সমস্যা হতে পারে, যাকে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ (NAFLD) বলা হয়। চিকিৎসকদের মতে, সময়মতো ধরা পড়লে সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। চিনিযুক্ত পানীয়, জাঙ্ক ফুড এবং অতিরিক্ত মিষ্টি পরিহার করার পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণে রাখা লিভার সুস্থ রাখার মূল চাবিকাঠি। শরীরের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন বা দীর্ঘমেয়াদী লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।