শহরজুড়ে কড়া পুলিশি তৎপরতা আর ধর্মের নামেও বাজবে না বাড়তি লাউড স্পিকার

কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বার্তার পর লালবাজারে সমস্ত জয়েন্ট সিপি, ডিসি এবং ওসিদের নিয়ে বৈঠকে বসেন কমিশনার। সেখানে ভোট পরবর্তী হিংসা দমনে আপসহীন মনোভাব নেওয়ার পাশাপাশি শহরের নিরাপত্তায় একাধিক নতুন নিয়ম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, ধর্মীয় অনুষ্ঠান বা অন্য যে কোনো ক্ষেত্রে সরকারি নির্দিষ্ট নিয়মের বাইরে লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ করা হয়েছে। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, মাইক ব্যবহারের ক্ষেত্রে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না।
অপরাধ দমনে আপসহীন অবস্থান
শহরের শান্তি বজায় রাখতে কমিশনারের প্রধান লক্ষ্য এখন বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে সমস্ত বেআইনি বোমা ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার ডেডলাইন দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ পাওয়ার সাথে সাথে কোনো বিলম্ব ছাড়াই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। পাচার রোধ এবং বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে এই বৈঠকে।
কড়া নজরদারি ও নিয়মিত রিপোর্ট
প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতিদিনের কাজের খতিয়ান ও উদ্ধার হওয়া সামগ্রীর রিপোর্ট জমা দিতে হবে লালবাজারে। এমনকি হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের দেওয়া ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করার’ বার্তার পরই পুলিশ প্রশাসনের এই অতি-সক্রিয়তা শহরের অপরাধ নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কমিশনারের এই কঠোর অবস্থান মূলত রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা ও জননিরাপত্তা নিশ্চিত করার একটি বড় ধাপ।