জ্বালানি সাশ্রয়ে দিল্লির বড় পদক্ষেপ, সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ও কনভয় ছাঁটাইয়ের নির্দেশ রেখা গুপ্তর

জ্বালানি সাশ্রয়ে দিল্লির বড় পদক্ষেপ, সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ও কনভয় ছাঁটাইয়ের নির্দেশ রেখা গুপ্তর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয় ও পরিকল্পিত ব্যবহারের আহ্বানে সাড়া দিয়ে রাজধানী দিল্লিতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি দফতরগুলিতে খরচ কমাতে এবং যানজট নিয়ন্ত্রণে সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার নিয়ম কার্যকর করা হচ্ছে। শুক্রবার থেকেই এই নতুন নির্দেশিকা বলবৎ হতে চলেছে। মূলত দূষণ নিয়ন্ত্রণ এবং খনিজ তেলের ওপর নির্ভরতা কমানোই এই ‘মেরা ভারত, মেরা অবদান’ অভিযানের মূল লক্ষ্য।

নিজে থেকেই কৃচ্ছ্রসাধন শুরু মুখ্যমন্ত্রীর

শুধুমাত্র সাধারণ কর্মীদের জন্য নির্দেশ জারি করেই ক্ষান্ত থাকেননি মুখ্যমন্ত্রী, এই ত্যাগের দৃষ্টান্ত তিনি নিজেই শুরু করেছেন। রেখা গুপ্ত জানিয়েছেন, তিনি তাঁর সরকারি কনভয়ের গাড়ির সংখ্যা প্রায় ৬০ শতাংশ কমিয়ে ফেলেছেন। আগে তাঁর কনভয়ে বিপুল সংখ্যক গাড়ি থাকলেও এখন থেকে মাত্র চারটি গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইভাবে দিল্লির অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদেরও তাঁদের এসকর্ট ও সরকারি গাড়ির ব্যবহার ন্যূনতম করার নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রো সফর ও বেসরকারি সংস্থাকে পরামর্শ

মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি আধিকারিক ও মন্ত্রীদের জন্য এখন থেকে প্রতি সোমবার ‘মেট্রো সোমবার’ হিসেবে পালিত হবে, যেখানে তাঁরা ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো রেলে যাতায়াত করবেন। সরকারি দপ্তরের পাশাপাশি দিল্লির বেসরকারি সংস্থাগুলোকেও সপ্তাহে অন্তত ২ দিন বাড়ি থেকে কাজ করানোর জন্য পরামর্শ (Advisory) দেওয়া হয়েছে। এ ছাড়া, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫০ শতাংশ মিটিং করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সাধারণ মানুষকেও সপ্তাহে একদিন ‘যানবাহনহীন দিবস’ পালনের জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ছয় মাস দিল্লি সরকার কোনো নতুন পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি কিনবে না বলেও এদিনের বৈঠকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *