উধাও হতে পারে বেসরকারি বাস! ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহণ সচিবকে চরম চিঠি মালিকদের

রাজ্যে গণপরিবহণ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ বেসরকারি বাস পরিষেবা এখন গভীর সংকটের মুখে। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাস মালিকরা এবার চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং গণপরিবহণ ব্যবস্থাকে বাঁচাতে অবিলম্বে ভাড়া বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্যের পরিবহণ সচিবকে চিঠি দিয়েছে বাস মালিক সংগঠন ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’। সংগঠনের স্পষ্ট বার্তা, অবিলম্বে ভাড়া সংশোধন করা না হলে খুব দ্রুত রাস্তা থেকে উধাও হয়ে যাবে বেসরকারি বাস।
আট বছর ধরে অপরিবর্তিত ভাড়া
সংগঠনের পক্ষ থেকে পরিবহণ সচিবকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, রাজ্যে শেষবার বাস ভাড়া সংশোধন করা হয়েছিল ২০১৮ সালে। সেই সময় কলকাতায় ডিজেলের প্রতি লিটারের দাম ছিল ৬৮ টাকা। কিন্তু বর্তমানে ২০২৬ সালে দাঁড়িয়ে সেই দাম প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৯২.০৪ টাকা। জ্বালানির দাম আকাশছোঁয়া হলেও বাসের ভাড়ার তালিকা রয়ে গিয়েছে সেই আট বছর আগের তিমিরেই। এর পাশাপাশি ২০২০ এবং ২০২১ সালে ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকার দু’টি পৃথক কমিটি গঠন করলেও, সেই কমিটিগুলোর রিপোর্ট আজও জনসমক্ষে আনা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মালিকরা।
স্তব্ধ হতে পারে রাজ্যের লাইফলাইন
বর্তমান ভাড়ার কাঠামোয় লাভ করা তো দূরের কথা, দৈনিক বাস চালানোর নূন্যতম খরচ তোলাই আসাম্ভব হয়ে পড়েছে। শুধু জ্বালানি নয়, গত কয়েক বছরে বাসের যন্ত্রাংশের দাম, বিমা এবং কর্মচারীদের বেতনও একলাফে অনেকটা বেড়েছে। ফলে লোকসান সামলাতে না পেরে ইতিমধ্যেই অনেক মালিক রাস্তা থেকে বাস তুলে নিতে বাধ্য হচ্ছেন। এই পরিবহণ শিল্পের সঙ্গে কয়েক লক্ষ শ্রমিক এবং হাজার হাজার বাস মালিকের জীবন-জীবিকা সরাসরি যুক্ত। ফলে সরকার যদি অবিলম্বে কোনো ‘ন্যায্য ভাড়া’ কাঠামো কার্যকর না করে, তবে শহর ও শহরতলির লাইফলাইন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।