শৃঙ্খলাভঙ্গে কড়া দাওয়াই বিজেপির, জনপ্রতিনিধিদেরও বহিষ্কারের হুঁশিয়ারি

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার সরকার গঠনের পরই দলের অন্দরে কড়া শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিল বিজেপি। দলের কোনও নেতা-কর্মী বা নবনির্বাচিত জনপ্রতিনিধির বেসামাল আচরণ যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির। দলবিরোধী কাজে যুক্ত থাকলে বা দলের নির্দেশ অমান্য করলে যে কোনও মুহূর্তে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দল পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে এবং নেতিবাচক প্রভাব রুখতেই এই চরম সিদ্ধান্ত।
শুক্রবার নিউটাউনের একটি হোটেলে আয়োজিত বিশেষ দলীয় বৈঠকে এই রণকৌশল নির্ধারণ করে রাজ্য বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন দলের বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ জেলা সভাপতি ও ইনচার্জরা।
সিন্ডিকেট রাজ ও দলবদল রুখতে কঠোর বার্তা
বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে কোনও ধরনের সিন্ডিকেট রাজ, তোলাবাজি বা অটোরিকশা ও টোটো স্ট্যান্ডের দখলদারি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে বিরোধী দলের কোনও কার্যালয় দখল না করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি বজায় রাখতে ‘তৃণমূলীকরণ’ বা ঢালাও দলবদল রুখতেও কড়া অবস্থান নিয়েছে নেতৃত্ব। আপাতত অন্য দল থেকে কাউকে বিজেপিতে নেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এই নির্দেশ অমান্য করলে সদ্য বিজয়ী বিধায়কদেরও রেয়াত করা হবে না বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বিধায়কদের গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।
একক সিদ্ধান্ত বন্ধে কোর কমিটির নজরদারি
দলের রাশ শক্ত করতে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ রুখতে জেলা সভাপতিদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করা হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল সাফ জানিয়েছেন, এলাকার উন্নয়নের মতো বিষয়েও কোনও জেলা সভাপতি একা সিদ্ধান্ত নিতে পারবেন না। আগামী সপ্তাহের মধ্যে প্রতিটি জেলায় ১৫ জনের একটি করে কোর কমিটি গঠন করা হবে এবং সমস্ত সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমেই সম্মিলিতভাবে নিতে হবে। পুরো প্রক্রিয়ার উপর কড়া নজর রাখবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার অপব্যবহার রোধ এবং দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম টানতেই এই সম্মিলিত সিদ্ধান্তের রূপরেখা তৈরি করা হয়েছে।