অপসারিত নির্মল মাজি সহ ৩ সরকার মনোনীত সদস্য, আরজি কর আবহে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

অপসারিত নির্মল মাজি সহ ৩ সরকার মনোনীত সদস্য, আরজি কর আবহে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটাল স্বাস্থ্য দফতর। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের (WBMC) সদস্য পদ থেকে প্রবীণ চিকিৎসক তথা প্রাক্তন বিধায়ক নির্মল মাজিকে একপ্রকার নজিরবিহীনভাবে সরিয়ে দেওয়া হলো। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা সাম্প্রতিক নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, কাউন্সিলে সরকার মনোনীত সদস্য হিসেবে তাঁর মেয়াদ বা পদটি বাতিল করা হয়েছে।

নির্মল মাজির পাশাপাশি আরও দুই সরকার মনোনীত সদস্য তথা চিকিৎসক সৌরভ পাল এবং অসীম সরকারকেও একযোগে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদ থেকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর। আরজি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনার পর থেকে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার রদবদল নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল, এই পদক্ষেপ তারই ধারাবাহিকতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পরপর উইকেট পতন, কাউন্সিলের রাশ আমলা ও নতুন শিবিরের হাতে

মেডিক্যাল কাউন্সিলের অন্দরে বিগত কয়েক বছর ধরে এই মনেনীত সদস্যদের একচেটিয়া প্রভাব নিয়ে বিভিন্ন চিকিৎসক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল। আরজি কর কাণ্ডের পর থেকেই সেই ক্ষোভ আরও বাড়ে। এর আগে আরজি করের ঘটনার পরেই প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেনকে তৃণমূল কংগ্রেস দল থেকে নিলম্বিত (Suspend) করার পরপরই তাঁকে এই মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদ থেকে সরিয়ে দিয়েছিল স্বাস্থ্য দফতর। এবার সেই পথেই নির্মল মাজি, সৌরভ পাল এবং অসীম সরকারের মতো হেভিওয়েটদের ছুড়ে ফেলা হলো।

স্বচ্ছতা ফেরাতে বড় সিদ্ধান্ত নবান্নের

প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্য দফতর এবং বিশেষ করে মেডিক্যাল কাউন্সিলের কাজকর্ম সম্পূর্ণ স্বচ্ছ ও রাজনীতিমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি স্তরে মনোনীত হয়েও যাঁরা দীর্ঘদিন ধরে কাউন্সিলের রাশ নিজেদের হাতে রেখেছিলেন, তাঁদের এই অপসারণের ফলে নতুন ও নিরপেক্ষ চিকিৎসকদের কাউন্সিল বোর্ডে আসার পথ প্রশস্ত হলো। দীর্ঘদিন ধরে কাউন্সিলের গণতান্ত্রিক পরিবেশ ও জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবিতে যে আন্দোলন চলছিল, সরকারের এই কড়া সিদ্ধান্ত তাকে আরও অক্সিজেন জোগাবে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *