‘নিজেকে মা সারদা, শ্রী চৈতন্য ভাবতেন’, তীব্র কটাক্ষ অগ্নিমিত্রার!

রাজ্যজুড়ে নতুন সরকারের চালানো ‘বুলডোজার অ্যাকশন’ তথা উচ্ছেদ অভিযান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পালটা তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। সোমবার মমতার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলার মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতিতে কেউ অপরিহার্য নন।
উচ্ছেদ অভিযান নিয়ে মমতার ক্ষোভ
সম্প্রতি রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ ও হকার উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক ঔদ্ধত্য’ বলে তোপ দেগে মন্তব্য করেন, “বাড়িঘর থেকে শুরু করে হকারদের স্টল, চরম মাশুল গুনতে হচ্ছে গরিব মানুষকে। বাংলা কখনও বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না। রবীন্দ্রনাথ এবং নেতাজির এই পুণ্যভূমিতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, বলপ্রয়োগ করে বা উচ্ছেদ অভিযানের নামে শাসন করা যায় না।”
অগ্নিমিত্রার পালটা তির ও ‘মা সারদা’ কটাক্ষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদের জবাবে মন্ত্রী অগ্নিমিত্রা পল তাঁর বিগত ১৫ বছরের শাসনকালকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, “১৫ বছর তো পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বিপুল জনসমর্থন নিয়ে তিনি ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওঁর মূল উদ্দেশ্য যদি কেবল টাকা কামানো আর ক্ষমতা ধরে রাখা হয়, মানুষকে বোকা বানানো হয় আর কোনো উন্নয়ন না করা হয়, তবে এখন বলে তো লাভ নেই।”
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে অগ্নিমিত্রা আরও যোগ করেন, “উনি নিজেকে মা সারদা মনে করতেন, শ্রী চৈতন্যদেব মনে করতেন। মানুষ ওঁকে বুঝিয়ে দিয়েছে, উনি অপরিহার্য নন। হয় কাজ করো, না হলে ভ্যানিশ হয়ে যাও। মানুষ ওঁকে ভ্যানিশ করে দিয়েছে।”
পুকুর ভরাট বিতর্ক ও পুর দপ্তরের ব্যর্থতা
বক্তব্যের মাঝে কলকাতার একটি খ্যাতনামা মোমো প্রস্তুতকারক সংস্থার কারখানার জন্য পুকুর বুজিয়ে ফেলার প্রসঙ্গও টেনে আনেন অগ্নিমিত্রা। বিগত তৃণমূল সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সাফাইকে উড়িয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, যদি এই কাজ বাম আমলেও হয়ে থাকে, তবে বিগত ১৫ বছরে তৃণমূল সরকার কেন কোনো ব্যবস্থা নেয়নি? তিনি পরিবেশ আইনের প্রসঙ্গ টেনে বলেন, “জানেন না, একটা পুকুর বুঁজিয়ে দিলে আরও একটা পুকুর খনন করতে হয়। করেননি কেন?”
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের উচ্ছেদ অভিযান নিয়ে যখন বিরোধীরা সরব হতে চাইছে, তখন মন্ত্রী অগ্নিমিত্রা পলের এই আক্রমণাত্মক বয়ান প্রমাণ করে যে, সরকার তার সিদ্ধান্ত থেকে একচুলও নড়তে নারাজ এবং অতীতের সমস্ত দুর্নীতির খতিয়ান তুলে তারা বিরোধী শিবিরকে ব্যাকফুটে ঠেলে দিতে সম্পূর্ণ প্রস্তুত।