নিজেদের রায়ের সমালোচনা সুপ্রিম কোর্টের, খালিদের জামিন খারিজের সিদ্ধান্ত ভুল ছিল!

নিজেদের রায়ের সমালোচনা সুপ্রিম কোর্টের, খালিদের জামিন খারিজের সিদ্ধান্ত ভুল ছিল!

নয়া দিল্লি। ছাত্রনেতা উমর খালিদের জামিনের আবেদন খারিজের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছে স্বয়ং সুপ্রিম কোর্ট। সম্প্রতি শীর্ষ আদালত উমর খালিদের জামিন নাকচ করে দিলেও, এবার নিজেদের সেই নির্দেশের সমালোচনা করল আদালতের একটি বেঞ্চ। বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি ভুইয়াঁর একটি বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ, উমর খালিদের ক্ষেত্রে আদালতের পূর্ববর্তী যুগান্তকারী রায় যথাযথভাবে মানা হয়নি।

২০২০ সালে দিল্লিতে অশান্তির অভিযোগে সেপ্টেম্বর মাস থেকে জেলে বন্দি রয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ। দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে সিএএ-বিরোধী বিক্ষোভ চলাকালীন উস্কানিমূলক বক্তৃতা দেওয়া এবং পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছিল। এরপর চলতি বছরের জানুয়ারি এবং এপ্রিলেও সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেনি।

আদালতের পুরোনো নীতি অগ্রাহ্যের অভিযোগ

বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি ভুইয়াঁর বেঞ্চ জানিয়েছে, কঠোর ইউএপিএ (UAPA) আইনের অধীনে থাকা মামলাগুলির ক্ষেত্রেও ‘জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম’—এই নীতিটি প্রযোজ্য থাকবে। ২০২১ সালে ‘ইউনিয়ন অফ ইন্ডিয়া বনাম কেএ নাজিব’ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, দ্রুত বিচার পাওয়ার মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ইউএপিএ মামলাতেও সাংবিধানিক আদালত জামিন মঞ্জুর করতে পারে। খালিদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করার সময় এই নিয়মটি প্রয়োগ করা হয়নি।

বিচারপতি ভুঁইয়া এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, কম সদস্যের বেঞ্চের দেওয়া রায় সবসময় বেশি সদস্যের বেঞ্চের ঘোষিত আইন দ্বারা নিয়ন্ত্রিত থাকে। একটি ছোট বেঞ্চ কখনই বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তকে দুর্বল বা অগ্রাহ্য করতে পারে না। তিনি মূলত গত জানুয়ারিতে খালিদের জামিন নামঞ্জুর করা দুই বিচারপতির বেঞ্চের সিদ্ধান্তের দিকেই আঙুল তুলেছেন।

আইনি জটিলতা ও সম্ভাব্য প্রভাব

শীর্ষ আদালতের এই আত্মসমালোচনার ফলে ইউএপিএ মামলার বিচার প্রক্রিয়ায় একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে বিচারাধীন বন্দি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই পর্যবেক্ষণ জামিনের পথ সহজ করতে পারে। সুপ্রিম কোর্টের এই নতুন অবস্থানের পর উমর খালিদের আইনি লড়াইয়ে বড়সড় মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা তাঁর দীর্ঘ বন্দিজীবনের অবসান ঘটাতে সাহায্য করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *