নতুন আঙ্গিকে অক্ষয়-রবিনা জুটি! ১৮ দিনের শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী

নয়ের দশকে বলিউডের রূপালী পর্দা কাঁপানো অন্যতম জনপ্রিয় ও সমাদৃত জুটি অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন ফের একবার রূপালী পর্দায় ধামাকা করতে ফিরছেন। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির আগামী মেগা ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome to the Jungle)-এর হাত ধরে দীর্ঘ বছর পর রুপোলি পর্দায় পুনর্মিলন হতে চলেছে এই আইকনিক জুটির। তবে কেবল এই জুটির প্রত্যাবর্তনই নয়, সিনেমা প্রেমীদের জন্য রয়েছে আরও বড় চমক।
শোনা যাচ্ছে, এই ছবিতে সম্পূর্ণ নতুন এবং এক্কেবারে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা হবে অক্ষয় ও রবিনাকে। বিগত দিনের চেনা রসায়নের বাইরে গিয়ে তাঁদের কেমিস্ট্রিতে এবার এক দারুণ নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া পাবেন দর্শকেরা। সম্প্রতি এই ছবির জন্য টানা ১৮ দিনের একটি গুরুত্বপূর্ণ শ্যুটিং শিডিউল শেষ করেছেন রবিনা ট্যান্ডন। পুরোনো ম্যাজিক আর নতুন টুইস্টের এই যুগলবন্দী বড় পর্দায় কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার।