অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হতেই বাড়ল জল্পনা! আবেদন নিয়ে কী জানালেন অগ্নিমিত্রা?

অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হতেই বাড়ল জল্পনা! আবেদন নিয়ে কী জানালেন অগ্নিমিত্রা?

রাজ্যের নারীদের বহুল চর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি ও কৌতূহল দূর করলেন নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। নতুন আবেদনকারীদের জন্য ইতিমধ্যেই এই প্রকল্পের পোর্টাল চালু হয়ে গিয়েছে বলে বাজারে যে খবর রটেছে, তা সম্পূর্ণ ভুয়ো বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আবেদনের পোর্টাল তৈরির কাজ এখনও চলছে এবং এটি চালু হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য নিয়ম

মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, পূর্ববর্তী সরকারের আমলে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাঁদের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য নতুন করে কোনও ফর্ম পূরণ বা আবেদন করতে হবে না। তাঁদের নাম সরাসরি এই নতুন প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে। আগামী ১ জুন থেকেই এই উপভোক্তারা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেতে শুরু করবেন। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই সুবিধার আওতাভুক্ত হবেন। আইসিডিএস কেন্দ্র বা জেলাশাসকের (ডিএম) দফতরে গিয়ে ভেরিফিকেশনের জন্য নতুন করে ফর্ম তোলার কোনও প্রয়োজন নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

কারা পাবেন না এই সুবিধা

প্রকল্পের সুবিধা হস্তান্তরের ক্ষেত্রে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৯১ লক্ষ নাম পর্যালোচনা করে দেখা হচ্ছে। ভুয়ো উপভোক্তা ছাঁটাই করতেই এই পদক্ষেপ। ফলে, যাঁরা মারা গিয়েছেন, অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন কিংবা যাঁদের নাম বর্তমান ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে যাঁরা সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁরা এই যোজনার সুবিধা পাবেন।

নতুনদের আবেদন ও টাকার অঙ্ক

যাঁরা নতুনভাবে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে চান, তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী দুই-তিন মাসের মধ্যে রাজ্য বাজেট পেশ হওয়ার পর নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে। নতুন পোর্টালটি চালু হওয়া মাত্রই সরকারিভাবে তা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে এবং তার মাধ্যমেই নতুনরা আবেদন করতে পারবেন। পূর্বতন সরকারের আমলে মহিলারা যেখানে ১৫০০ বা ১৭০০ টাকা পেতেন, এই নতুন প্রকল্পে তা বাড়িয়ে একলাফে ৩ হাজার টাকা করায় উপভোক্তাদের আর্থিক সচ্ছলতা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *