গরমে শরীর সুস্থ রাখতে বাজারের মিষ্টির বিকল্প হতে পারে ঘরের তৈরি মুগ ডালের লাড্ডু!
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে দুপুরে ভারী খাবারের পর কমবেশি সবারই একটু মিষ্টি মুখ করার ইচ্ছে জাগে। তবে এই তীব্র গরমে বাজার থেকে কেনা অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে নানা শারীরিক জটিলতা। চিকিৎসকদের মতে, প্রক্রিয়াজাত চিনি শরীরের ওজন বৃদ্ধির পাশাপাশি ক্লান্তি ও গ্যাস্ট্রিকের সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে রসনাবিলাস ও স্বাস্থ্য—দুটি বজায় রাখতে পুষ্টিবিদরা ঘরে তৈরি হালকা ও পুষ্টিকর খাবারের ওপর জোর দিচ্ছেন। গ্রীষ্মের এই মিষ্টির তৃষ্ণা মেটাতে দারুণ এক বিকল্প হয়ে উঠেছে সহজপাচ্য মুগ ডালের লাড্ডু।
পুষ্টি ও স্বাস্থ্যের এক অনন্য মেলবন্ধন
মুগ ডালের লাড্ডু শুধু স্বাদেই অতুলনীয় নয়, এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। সাধারণত বাজারের মিষ্টিতে প্রচুর পরিমাণে পরিশোধিত চিনি ব্যবহার করা হলেও, এই লাড্ডু তৈরিতে ব্যবহৃত হয় প্রাকৃতিক মিষ্টি যেমন মিছরি বা গুড়ের গুঁড়ো। উপাদানগুলো প্রাকৃতিকভাবে পেট ঠাণ্ডা রাখতে এবং অ্যাসিডিটি প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এ ছাড়া মুগ ডালে থাকা প্রচুর পরিমাণ প্রোটিন ও ফাইবার গ্রীষ্মকালীন ক্লান্তি ও শারীরিক দুর্বলতা নিমেষেই দূর করে শরীরকে দীর্ঘ সময় সতেজ ও কর্মক্ষম রাখে।
সহজ প্রস্তুত প্রণালী ও সংরক্ষণ
বাড়িতে অত্যন্ত কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়েই এই পুষ্টিকর লাড্ডু তৈরি করা সম্ভব। এর জন্য প্রয়োজন এক কাপ ধুয়ে শুকিয়ে নেওয়া মুগ ডাল, পৌনে এক কাপ মিছরি বা গুড়, চার থেকে পাঁচ চামচ খাঁটি ঘি, সামান্য এলাচ গুঁড়ো এবং পছন্দসই কুচোনো বাদাম ও পেস্তা।
প্রথমে শুকনো কড়াইতে মুগ ডাল সোনালি করে ভেজে ঠাণ্ডা করে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এরপর প্যানে দুই চামচ ঘি গরম করে সেই ডালের গুঁড়ো কম আঁচে আরও ৪-৫ মিনিট ভেজে নিতে হবে। মিশ্রণটি হালকা ঠাণ্ডা হলে তাতে মিছরি বা গুড়ের গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে হবে। সবশেষে প্রয়োজনমতো সামান্য ঘি যোগ করে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডুর আকার দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মুগ ডালের লাড্ডু। এই লাড্ডুগুলো এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে, যা আসাময়ে মিষ্টি খাওয়ার চাহিদা পূরণে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।