আজ থেকে সরকারি বাসে ‘ফ্রি’!

আজ থেকে সরকারি বাসে ‘ফ্রি’!

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান ও মেগা প্রতিশ্রুতি রক্ষার্থে ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। আজ, ১ জুন, সোমবার থেকেই রাজ্যের প্রতিটি সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু হতে চলেছে। নতুন প্রশাসনের এই বড় ঘোষণায় সপ্তাহের প্রথম কাজের দিনেই কার্যত বিরাট স্বস্তি পেলেন রাজ্যের নারী সমাজ।

এসি এবং দূরপাল্লার বাসেও মিলবে ছাড়

পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, এই নিখরচায় সফরের সুবিধা শুধুমাত্র সাধারণ নন-এসি বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মহিলারা রাজ্যের সমস্ত সাধারণ সরকারি বাসের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এবং দূরপাল্লার সরকারি বাসেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর ফলে কর্মজীবী মহিলা থেকে শুরু করে সাধারণ নারী যাত্রীদের দৈনিক যাতায়াতের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।

সোমবারই রাস্তায় নামছে ৬০০ সরকারি বাস

সপ্তাহের প্রথম কাজের দিন অর্থাৎ সোমবার অফিস যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে পরিবহণ দফতর। দফতর সূত্রে খবর, আজ ভোর থেকেই কলকাতা ও শহরতলি মিলিয়ে এসি ও নন-এসি ক্যাটাগরির প্রায় ৬০০টি সরকারি বাস রাস্তায় নামানো হচ্ছে। প্রতিটি বাসেই মহিলাদের এই বিশেষ সুবিধা প্রদান করা হবে। নতুন সরকারের ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই এই জনমুখী প্রকল্প চালু হওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের পালাবদলের পর এই বড় সিদ্ধান্তের মাধ্যমে নতুন শাসকদল নারী ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও মজবুত করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *